
শেষ আপডেট: 10 November 2023 18:14
দ্য ওয়াল ব্যুরো: ‘বাঘা যতীন’ এখনও চলছে সিনেমাহলে। এরমধ্যেই প্রকাশ্যে এল দেবের নতুন ছবি ‘প্রধান’-এর প্রথম পোস্টার। সেখানে দেখা গেল দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীকে। ওই পোস্টারে পুলিশের খাকি পোশাকে রয়েছেন দেব। আগামী বড়দিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রযোজক অতনু রায়চৌধুরী, পরিচালক অভিজিৎ সেন এবং অভিনেতা দেব—এই ত্রয়ীর তৃতীয় ছবি ‘প্রধান’। এর আগে ‘টনিক’ এবং ‘প্রজাপতি’র মতো ছবি তাঁরা দর্শকদের উপহার দিয়েছেন। তাই ‘প্রধান’ নিয়েও সিনেমাপ্রেমীরা আশায় বুক বাঁধছেন। যেখানে দেবকে বহুদিন পর পুলিশের চরিত্রে দেখা যাবে।
সিনেমা প্রসঙ্গে অভিজিৎ সেন জানান, ‘প্রধান’-এর সারপ্রাইজ প্যাকেজ অনির্বাণ চক্রবর্তী। তাঁকে দর্শকরা নতুন করে আবিষ্কার করবেন। উল্লেখ্য, হইচইয়ের ‘একেনবাবু’ এবং ‘ফেলুদা’ সিরিজের সৌজন্যে অনির্বাণ এখন টলিউডে বেশ পরিচিত মুখ। এখন দেখার, দেবের ছবিতে তিনি কেমন ম্যাজিক দেখান।
View this post on Instagram
উত্তরবঙ্গে দীর্ঘদিন শ্যুটিং করার পর গত কয়েকদিন ধরে কলকাতা শিডিউলের কাজ চলছিল। অবশেষে বৃহস্পতিবার ‘প্রধান’-এর শ্যুটিং শেষ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে দেব লেখেন, ‘তাঁদের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।’ আপাতত জোরকদমে চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।
উল্লেখ্য, এই ছবির হাত ধরেই সিনেমাজগতে পা রাখছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এছাড়াও এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী। এছাড়াও সেখানে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু-সহ আরও অনেককে।