এই সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেব। তাঁর কথায়, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির জন্যই গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, তাঁর ইচ্ছে আরও বেশি করে বাংলা ছবি তৈরি হোক এবং এখানকার টেকনিশিয়ানরা দেশের বাইরে কাজের সুযোগ পান।

শেষ আপডেট: 29 March 2026 13:01
দ্য ওয়াস ব্যুরো: টলিউডের জনপ্রিয় স্টার, অভিনেতা-প্রযোজক তথা সাংসদ দেব (Dev)-এর নামের সঙ্গে যোগ হতে চলেছে আরও এক নতুন পরিচয়। এবার ফেডারেশনের আওতাধীন একটি গিল্ডের সাম্মানিক সদস্য হতে আমন্ত্রণ পেয়েছেন তিনি। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের তরফে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এই প্রথম কোনও অভিনেতা ও প্রযোজক হিসেবে ফেডারেশনের অন্তর্গত এমন কোনও সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছেন।
শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সামনে আনেন দেব নিজেই। গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানের (Mohammad Hasan)-এর একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে দেবের দীর্ঘদিনের কাজ, সাফল্য এবং বাংলা সিনেমায় তাঁর অবদানের প্রশংসা করে তাঁকে সংগঠনের অংশ হতে আহ্বান জানানো হয়।
এই সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেব। তাঁর কথায়, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির জন্যই গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, তাঁর ইচ্ছে আরও বেশি করে বাংলা ছবি তৈরি হোক এবং এখানকার টেকনিশিয়ানরা দেশের বাইরে কাজের সুযোগ পান। দেব লেখেন, “আমাকে এই সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চাই আরও অনেক বাংলা সিনেমা তৈরি হোক এবং আমাদের টেকনিশিয়ানরা আরও বাংলার ও বাইরের কাজের সুযোগ পাক।”
সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, দেবের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাঁর মতো একজন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব যুক্ত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেই আশা।
সব মিলিয়ে, এই পদক্ষেপকে অনেকেই বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন— যেখানে শিল্পী ও টেকনিশিয়ানদের মধ্যে যোগসূত্র আরও মজবুত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।