
দেব
শেষ আপডেট: 20 October 2023 10:40
দ্য ওয়াল ব্যুরো: ১৯ অক্টোবর, পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। ইতিমধ্যে পুজোর লড়াই জমে গিয়েছে। ব্যবসার নিরিখে ‘দশম অবতার’ ও ‘বাঘা যতীন’-এর মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর চলছে। ছবিতে স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এরমধ্যেই সিনেমা দেখতে আসা দর্শকদের কাছে বিশেষ অনুরোধ জানালেন অভিনেতা-প্রযোজক দেব। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশে লিখলেন, ‘দয়া করে প্রেক্ষাগৃহে সিনেমা ফোনে রেকর্ড করবেন না।’ পাইরেসি আটকাতে দেবের এই প্রচেষ্টা কাজে দেয় কিনা সেটাই এখন দেখার।
গত একদিনে ‘বাঘা যতীন’ দেখতে ভিড় জমিয়েছেন দর্শকরা। তাঁদের কথায়, দেব এই ছবিতে নিজের সেরা অভিনয়টা করেছেন। তাঁর উচ্চারণে খামতি থাকলেও তাঁর প্রচেষ্টার প্রশংসা করেছেন সবাই। বক্স অফিসেও ভালই লক্ষ্মীলাভ হয়েছে প্রথম দিন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এর সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে ছবিটি। সবমিলিয়ে ছবিটি নিয়ে তুমুল উৎসাহ রয়েছে অভিনেতার ফ্যান এবং দর্শক মহলে। কিন্তু এই সব আনন্দই মাটি হয়ে যায়, যদি খোলা বাজারে ছবিটির পাইরেটেড কপি চলে আসে।
One request pls dont upload any footage from the film while watching #BaghaJatin or any other films which is releasing simultaneously
— Dev (@idevadhikari) October 19, 2023
Thanku ????????
আর সেই কারণেই সবার কাছে বিশেষ অনুরোধ করেছেন দেব। পঞ্চমীর দুপুরে নিজের এক্স প্রোফাইলে তিনি লিখলেন, “সবাইকে একটাই রিকোয়েস্ট, কেউ প্লিজ ছবি দেখতে দেখতে ভিডিও রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কেবল ‘বাঘা যতীন’ নয়, অন্যান্য যে যে ছবি চলছে সবগুলোই তাই।” আসলে বড়পর্দায় ছবি দেখার একটা আলাদাই উত্তেজনা থাকে। কিন্তু সিনেমার দৃশ্য রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে আখেরে ছবির ব্যবসাতেই ক্ষতি হয়। সঙ্গে ছবি দেখার আসল মজাও নষ্ট হয়।