
শেষ আপডেট: 2 August 2023 07:39
দ্য ওয়াল ব্যুরো: এক নয়, একজোড়া সুখবর নিয়ে নববর্ষের (Bengali New Year) বিকেলে হাজির হলেন দেব (Dev)। এবছর ইদে তাঁর কোনও ছবি মুক্তি নেই। তাই আগেভাগেই দুর্গাপুজো এবং বড়দিনের ছুটির সময় নিজের স্লট বুক করে ফেললেন টলিউডের এই অভিনেতা-প্রযোজক। সবকিছু ঠিকঠাক চললে এবছরের পুজোতেই প্রথমবার ব্যোমকেশ রূপে পর্দায় হাজির হবেন তিনি, যা নিঃসন্দেহে বড় চমক। অন্যদিকে, পরপর দু'বছর বছরের অন্যতম সেরা হিট ছবি উপহার দেওয়ার পর বড়দিনে আবারও জুটি বেঁধে হাজির হবেন পরিচালক অভিজিৎ সেন ও অভিনেতা দেব। শনিবার, পয়লা বৈশাখের দিন দেবের পরবর্তী সেই ছবিগুলিরই (films) একটির নাম ঘোষণা হল এবং অপরটির ফার্স্ট লুক মুক্তি পেল।
প্রথমে আসা যাক ব্যোমকেশ প্রসঙ্গে। এই প্রথমবার সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করবেন দেব। গত ফেব্রুয়ারিতে যখন এই খবর প্রকাশ্যে আসে, তখন থেকেই দেব ভক্তদের মধ্যে চরম উন্মাদনা দেখা গিয়েছিল। পাশাপাশি সাহিত্যপ্রেমীরাও নতুন ব্যোমকেশকে কেমন মানাবে, তার অপেক্ষায় ছিলেন। আজ অবশেষে মুক্তি পেল সে ছবির ফার্স্ট লুক। যেখানে দেখা যাচ্ছে, এক বিশাল বড় অট্টালিকার সামনে দাঁড়িয়ে আছেন কোট পরিহিত সত্যান্বেষীরূপী দেব। তাঁর একহাতে টর্চ, অপরহাতে ধরা সাপ। চোখে সেই চিরাচরিত চশমা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 'দুর্গ রহস্য' নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।
ফার্স্ট লুক নিয়ে অভিনেতার অনুরাগীরা উচ্ছ্বসিত হলেও বেশিরভাগ জায়গাতেই মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। অনেকেরই দাবি, দেবকে ব্যোমকেশ রূপে মানাচ্ছে না একেবারেই। তবে একাংশ এখনই দেবকে বাতিলের তালিকায় ফেলতে নারাজ তাঁদের বক্তব্য, শুধুমাত্র একটা পোস্টার দেখেই কাউকে বিচার করা উচিত হবে না। ছবি মুক্তি পেলে তখনই সমালোচনা করা যাবে। তবে পোস্টার যে তেমনভাবে নজর কাড়তে পারেনি, একথা কমবেশি সকলেই স্বীকার করে নিচ্ছেন। উল্লেখ্য, ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর দুর্গাপুজোয় মুক্তি পেতে পারে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'।
পুজোর পরেই বড়দিনে যে দেবের ছবি আসবেই, একথা হলফ করে বলা যায়। ২০২১ সালে 'টনিক' এবং ২০২২ সালে 'প্রজাপতি'র পর এবার দেব-অতনু-অভিজিৎ ত্রয়ী নিয়ে আসছেন তাঁদের পরবর্তী ছবি 'প্রধান'। 'প্রজাপতি' সুপারহিট হতেই নতুন ছবির কথা জানিয়েছিলেন তাঁরা। তবে কে কে থাকবেন, কীরকম গল্প, তার নামই বা কী, সেসব কিছু জানানো হয়নি তখনও। আজ নববর্ষের দিন সেই সুখবর শোনালেন দেব।
জানা গিয়েছে, 'টনিক' জুটি অর্থাৎ দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনছেন পরিচালক অভিজিৎ। তবে নতুন ছবির সঙ্গে 'টনিক'-এর কোনও যোগসূত্র আছে কিনা, তা এখনও পরিষ্কার নয়। আগের দুই ছবিতে যেমন আবেগের ছোঁয়া ছিল, বাস্তবধর্মী জীবনের গল্প ছিল, এবারও তেমন ছবিই বানাবেন বলে আশ্বাস দিয়েছেন পরিচালক। গোটা পরিবার বসে যেন এই ছবি উপভোগ করতে পারে, এমনটাই চাইছেন ছবির নির্মাতারা।
‘চেঙ্গিজ’ মুক্তির অপেক্ষায়, ছবির প্রোমোশনে গোটা দেশ ঘুরছেন জিৎ