
শেষ আপডেট: 30 January 2021 08:56
দেশি গার্ল বিদেশি সমস্ত টক শো'তে নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, সিনেমা, অভিজ্ঞতা, নানা কিছু নিয়েই মুখ খোলেন। এমনকি ইদানিং টক শো'র রানি বলা হচ্ছে প্রিয়াঙ্কাকে। কয়েকমাস আগেই 'হট সস' এক বিদেশি শো'য়ে গিয়ে আবারও বাজিমাত করেছেন তিনি। ঝাল, মশলাদার চিকেন উইংস খেতে খেতেই নানা আড্ডা আলোচনা করে, দর্শকদের মন জয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বিদেশি শো'তে গিয়ে নিজের দেশের প্রশংসা করেছেন তিনি। দেশের খাবার, ঐতিহ্য নিয়েই শুরুর দিকে কথা বলছিলেন প্রিয়াঙ্কা। তাঁর প্রিয় খাবার কী কী সেই সব নিয়েও জানিয়েছেন। তবে এত কিছুর মধ্যেই হুট করে জানালেন তাঁর অভিনীত সবচেয়ে প্রিয় সিনেমার কথা। যার প্রশংসা শুনলে আজও খুশিতে ফেটে পড়েন তিনি।
শো'য়ের শেষের দিকে প্রিয়াঙ্কা জানান, "বরফি। আমার অন্যতম প্রিয় সিনেমা। আজও এই সিনেমার প্রশংসা করলে, আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। তবে দুঃখের বিষয় সেই বছর এই সিনেমার জন্য আমি কোনও অ্যাওয়ার্ড পাই নি।" নিজের পছন্দ শেয়ার করলেও আক্ষেপের সুর ছিল তাঁর কণ্ঠে।
পরিচালক অনুরাগ বসু পরিচালিত 'বরফি' সিনেমা-প্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। একদিকে রণবীর কাপুর, অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় নিয়ে প্রশংসার ঝড় উঠেছিল সর্বত্র। এমনকি 'কফি উইথ করন' টক শো'তে এসে অনুষ্কা শর্মাও বলেছিলেন, "ভারতীয় সিনেমার মধ্যে বরফি আমার অন্যতম প্রিয়। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা অ্যাওয়ার্ড ডিসার্ভ করেন। জানি না কেন ওকে পুরস্কৃত করা হয়নি!"