
শেষ আপডেট: 21 January 2021 10:50
একদম ছোট্ট বয়সে, স্কুল থেকে ফিরেই বসে পড়তেন টিভির সামনে। তাঁর প্রিয় শো ছিল আমেরিকান কমেডি সায়েন্স ফিকশন 'স্মল ওয়ান্ডার'। তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল ভিকি। দীপিকা জানিয়েছেন, "আমার মনে আছে স্কুল থেকে ফিরে টিভি চালিয়েই 'স্মল ওয়ান্ডার' দেখতে বসতাম আমি। ৩০ থেকে ৪০ মিনিটের শো ছিল ওটা। সবচেয়ে প্রিয় ছিল ভিকি। স্মার্ট, ইন্টেলিজেন্ট ভিকি একটি রোবট হওয়া সত্ত্বেও কীভাবে কাঁদতো, সেটাই ছোটবেলায় সবচেয়ে বেশি ভাবাত আমায়।" এর পরেই তিনি জানিয়েছেন, আবারও তিনি 'স্মল ওয়ান্ডার'-এর পুরনো এপিসোড দেখতে শুরু করবেন।
শো'য়ের কাহিনি ছিল, এঞ্জিনিয়ার টেড লসন, চুপিচুপি তৈরি করেছিলেন এক রোবট। যাঁর নাম দেওয়া তিনি রেখেছিলেন 'ভিকি'। পরিবারে 'ভিকি'কে দত্তক নেওয়া হয়েছে বলেই, পরিচয় দিতেন সকলে। একটা সময়, বিশেষ করে এইটটিজ, নাইন্টিজের ছেলেমেয়েদের ভীষণ প্রিয় এক টিভি শো ছিল 'স্মল ওয়ান্ডার'। স্বাভাবিকভাবেই দীপিকার পছন্দের সঙ্গে নিজেদের পছন্দ মিলে যাওয়ায় বেজায় খুশি একাংশের নেটবাসী।
বলাই বাহুল্য, দীপিকার ইনস্টাগ্রামের নিত্যনতুন পোস্ট দেখে ভীষণই মজা পাচ্ছেন নেটিজেনরা। অন্যদিকে শোনা যাচ্ছে শকুন বাত্রার পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন তিনি। এখন সিদ্ধার্থ আনন্দের পরবর্তী সিনেমা 'পাঠান'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন দীপিকা। এই সিনেমাতেই দীপিকা এবং বলিউডের বাদশাহ শাহরুখ খানকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে।
