
শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’-এ দীপিকা!
শেষ আপডেট: 30 April 2025 18:11
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে বলিউডে জল্পনা তুঙ্গে। আর এই উত্তেজনায় এবার যুক্ত হল নতুন খবর—এই সিনেমায় চূড়ান্তভাবে যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে সুহানা খান, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ অহলাওয়াত এবং অভিষেক বচ্চনকে।
‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস‘, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’, ‘জওয়ান’—এই সব ব্লকবাস্টারের পর এবার ‘কিং’ ছবিতে ফের একসঙ্গে ধরা দেবেন শাহরুখ ও দীপিকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ বাজেট প্রজেক্টের প্রি-প্রোডাকশন জোরকদমে চলছে বলে খবর।
এক এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, দীপিকা এখন একেবারে নিশ্চিতভাবে এই প্রজেক্টের অংশ। ছবির শ্যুটিং শুরু হবে আগামী ১৮ মে, মুম্বাইয়ে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘শাহরুখ শুরু থেকেই দীপিকাকে এই ছবির জন্য চেয়েছিলেন। প্রথমে দীপিকার সময় মিলছিল না, কারণ সদ্যজাত সন্তানের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি নিজেকে ফিট রাখার জন্য জিমেও মন দিচ্ছিলেন। তবে ‘কিং’-এর শিডিউলে কিছুটা দেরি হওয়ায় সময়ের সমন্বয় হয়ে গেছে, এবং দীপিকা এখন অফিশিয়ালি ফিরেছেন ছবিতে।’
সূত্র আরও জানিয়েছে, ‘সব আলোচনা, শুটিংয়ের সময় নির্ধারণ ইত্যাদি মিলিয়ে এখন সব কিছু ঠিকঠাক। দীপিকার শ্যুটিং হবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে। এটা শুধুমাত্র একটি ক্যামিও নয়, বরং ফুল-লেংথ রোল—যা শাহরুখ-দীপিকা জুটির প্রতি দর্শকের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিদ্ধার্থ ও তাঁর লেখকদল দীপিকার জন্য এমন একটা চরিত্র লিখেছেন, যা নিঃসন্দেহে দর্শকদের মুগ্ধ করবে।’
জানা যাচ্ছে, দীপিকার আগে এই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ ও করিনা কাপুর খানের নামও ভাবা হয়েছিল। তবে শেষমেশ দীপিকাই এই গুরুত্বপূর্ণ চরিত্রটি পেয়েছেন।
সূত্র জানিয়েছে, ‘কিং’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বছরের দ্বিতীয়ার্ধে। যদিও শ্যুটিং শুরু না হওয়া পর্যন্ত এই পরিকল্পনার ওপর পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে শাহরুখ ও দীপিকার হিট রসায়ন মাথায় রেখে বলা যায়, এই খবর বলিউড ফ্যানদের জন্য একটি বড় চমক। পর্দায় আবারও তাঁদের জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা!