এই পুজো কার? দেবের, আবিরের নাকি প্রসেনজিতের? গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এক ঘোষণার পরেই উঠে গেল প্রশ্ন।

শেষ আপডেট: 28 May 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো: এই পুজো কার? দেবের, আবিরের নাকি প্রসেনজিতের? গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এক ঘোষণার পরেই উঠে গেল প্রশ্ন। সেই সঙ্গে আরও একবার সামাজিক মাধ্যমে ভক্তরাও ঘোষণা করে দিলেন অঘোষিত যুদ্ধ।
শুভ্রজিৎ মিত্রের 'ম্যাগনাম ওপাস' দেবী চৌধুরানি মুক্তি পেতে চলেছে এই পুজোতেই। দেবীপক্ষেই উপন্যাসের পাতা থেকে আগমন হতে চলেছে আর এক দেবীর। হাইবাজেট এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওদিকে আবার এই পুজোতেই আসতে চলেছে দেব-অনির্বাণ ভট্টাচার্যের 'রঘুডাকাত'। এখানেই শেষ নয়, আসছে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর ছবি 'রক্তবীজ ২'-ও। ওদিকে দক্ষিণও পিছিয়ে নেই 'কান্তারা ২' নিয়ে পসরা সাজনো এই পুজোতেই।
এমতাবস্থায় দেবী চৌধুরানির মতো হাইবাজেট ছবির মুক্তি নিয়ে কী ভাবছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র? তুরুপের তাস নাকি মহা চ্যালেঞ্জ-- কীভাবে নিচ্ছেন গোটা বিষয়টা? দ্য ওয়াল যোগাযোগ করতেই আত্মবিশ্বাসী শোনাল তাঁকে।
বলছিলেন, "আসলে এটা তো শেষ বেশ কিছু বছরে বাংলার অন্যতম বড় ছবি। আমি বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ), শ্রাবন্তী (চট্টোপাধ্যায়)সহ বাকি যারা রয়েছেন সকলের সিদ্ধান্ত মেনেই পুজোয় মুক্তির কথা ভাবা হয়েছে। পুজোয় মানুষ আজও দলবেঁধে সিনেমা দেখতে যায়। রেভিনিউ পাইও বেশি থাকে। সেই কারণেই উৎসবকে বেছে নেওয়া হয়েছে। আরও অনেক বড় বাংলা ছবি রিলিজ করছে। এত বড় বড় ছবি রিলিজ তো আদপে আমাদের ইন্ডাস্ট্রিকেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সব কটি ছবির জন্য শুভকামনা রইল। তাদের সাফল্য কামনা করছি। আর তা ছাড়া আমাদের ট্যাগলাইন দেবীপক্ষে দেবীর আগমন। এর থেকে ভাল বোধহয় আর কিছু হতে পারে না।"