
শেষ আপডেট: 14 June 2023 09:03
দ্য ওয়াল ব্যুরো: দেবের বিপরীতে ‘কিশমিশ’ ছবিতে প্রথমবার বড়পর্দায় দেখা গিয়েছিল টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে। যদিও একেবারে স্বল্প সময়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর এবার একেবারে নায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। তাও আবার জিতের সিনেমায়। সূত্রের খবর, জিতের আগামী ছবি ‘ব্যুমেরাং’-এ আছেন দেবচন্দ্রিমা।
সৌভিক কুণ্ডুর ছবি ‘ব্যুমেরাং’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। জিতের ব্যানারে এর আগে অভিনয় করলেও এই প্রথম সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন দেবের বান্ধবী। তবে এই সিনেমায় রয়েছে আরও একটি জুটি। জানা যাচ্ছে, সেই দুই চরিত্রেই থাকছেন সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে এখনও অবধি এ বিষয়ে কোনও পাকা কথা হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।
দেবচন্দ্রিমা সংবাদমাধ্যমের সামনে বলেছেন, “এখনও অবধি গোটা বিষয়টাই প্রাথমিক স্তরে রয়েছে। ছবির চিত্রনাট্যও হাতে পাইনি। তবে জিতদার ছবিতে কাজের প্রস্তাব যে এসেছে, একথা সত্যি। যতটুকু শুনেছি, আমার চরিত্রটা বেশ মজাদার ও ছটফটে একটি মেয়ের। সৌভিকদা চরিত্রটির অল্প অল্প বর্ণনা দিয়েছে। আশা করি খুব শীঘ্রই চিত্রনাট্য হাতে পাবো এবং কাজ শুরু করতে পারব।”
উল্লেখ্য, মিমি চক্রবর্তী থেকে ঋতাভরী চক্রবর্তী, মধুমিতা সরকার থেকে সোহিনী সরকার- সিরিয়াল থেকে এসে টলিউডে নায়িকা হওয়া নতুন নয়। এবার সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে দেবচন্দ্রিমারও। কিছুদিন আগে অভিনেত্রীকে হইচইয়ের ‘হোমস্টে মার্ডার’ সিরিজেও দেখা গিয়েছিল। আর তারপরই বড়পর্দায় নায়িকা হওয়ার দরজা খুলে গেল তাঁর সামনে।
ট্রেলার মুক্তির দিন নতুন বিতর্কে জড়াল ‘শিবপুর’! ফেসবুকে বিস্ফোরক পোস্ট স্বস্তিকার