
শেষ আপডেট: 7 July 2022 12:25
দ্য ওয়াল ব্যুরো: তরুণ মজুমদার-ই (Tarun Majumder) তাঁর সিনেমা দুনিয়ার 'বাবা'। একথা বারবার শোনা গিয়েছে অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debashree Roy) মুখে। তেমনই সদ্য প্রয়াত পরিচালকও একাধিকবার বলেছেন, তিনি মারা গেলে তাঁর পারলৌকিক কাজ করবেন দেবশ্রী, মৌসুমী ও মহুয়া।
দুর্ভাগ্যবশত আশির দশকেই অকালে চলে গেছেন মহুয়া। কিন্তু 'বাবা'র ইচ্ছাপূরণ করার দায়িত্ব দেবশ্রী কাঁধে তুলে নিয়েছেন। আগামী শুক্রবার, ৮ জুলাই প্রয়াত তরুণ মজুমদারের আত্মার শান্তি কামনা করে তাঁর পারলৌকিক কাজ করবেন বলে জানিয়েছেন দেবশ্রী। সঙ্গে থাকবেন তরুণবাবুর হাতে তৈরি আরও এক রত্ন 'শ্রীমান পৃথ্বীরাজ' খ্যাত অয়ন বন্দ্যোপাধ্যায় (Ayan Bandyopadhyay)।
সাংবাদিকদের খুব যত্ন করতেন তনুদা, শ্যুটিং দেখতে আসা বাচ্চাদের টফি দিতেন
তরুণ মজুমদারের মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েছিলেন দেবশ্রী। বারবার বলছিলেন, "চুমকি থেকে দেবশ্রী উনিই বানিয়েছিলেন। ওঁর জন্যই নতুন জন্ম হয়েছে আমার। সেই ‘বাবা’ই আর নেই। বলতেন, উনি মারা গেলে তাঁর তিনকন্যাই (মৌসুমী-মহুয়া-দেবশ্রী) ওঁর পারলৌকিক কাজ করবে। বাবার কথা রাখতে হবে আমায়।"
মুখাগ্নি করতে পারবেন না আগেই জানিয়েছিলেন দেবশ্রী। তবে বাকি সব নিয়ম শাস্ত্রমতে পালন করেছেন। এবার তনুবাবুর কথা মেনে পারলৌকিক কাজও করবেন বলে জানালেন অভিনেত্রী। সঙ্গে থাকবেন অয়নও। 'দাদার কীর্তি'র সেই অমর জুটি ফের একবার একাত্ম হচ্ছেন তাঁদের সৃষ্টিকর্তার শেষ কাজে।