
শেষ আপডেট: 16 January 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো: ‘তারে জমিন পর’ সিনেমায় ছোট্ট ইশান আবাস্তিকে মনে পড়ে? যে জেদি ছেলেটাকে বাবা জোর করে পাঠিয়ে দেয় হোস্টেলে। এই ইশান আর ছোট্টটি নেই, সে এখন বছর ছাব্বিশের যুবক।
আমির খানের কন্যার বিয়েতে দেখা গেল দরশিল সাফারিকে। ছবি তুললেন টিসকা চোপড়ার সঙ্গে। ‘তারে জমিন পর’এ উনিই মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছে আজ ১৫ বছর হতে চলল। আবার দুজনকে একই ফ্রেমে দেখতে পেয়ে আনন্দে নেটিজেনরা।
সিনেমায় ইশানের চরিত্র দরশিলের অভিনয় সবার মন কেড়েছিল। সিনেমা মুক্তির পরেই রাতারাতি এই শিশু শিল্পীকে নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। আমির খান ছোট্ট দরশিলের যাতে পড়াশোনার ক্ষতি না হয় তা নিশ্চিত করেছিলেন। বলেছিলেন ছবির শুটিংএর জন্য তার বছর নষ্ট হবে না।
তবে এই সিনেমার পর দরশিল আরও তিনটি সিনেমা করেন। তা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। সবাই আজও তাকে ‘তারে জমিন পর’-এর জন্যই মনে রেখেছে।