
শেষ আপডেট: 3 June 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে গোটা দেশ। করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে একপ্রকার দুমড়ে মুচড়ে গিয়েছে করমন্ডলের একাধিক কামরা। স্বজনহারাদের হাহাকার আর আটকে পড়া যাত্রীদের আর্তনাদে এখনও ভারি বালেশ্বরের বাতাস। গতকাল সন্ধ্যায় ঠিক এখানেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। যাত্রীদের উদ্ধারকার্য এখনও চলছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
এই ঘটনায় আলোড়িত সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি মহলও। শনিবার সকালে বিরাট কোহলি থেকে অক্ষয় কুমার, সলমন খান থেকে অনুপম খের অনেককেই টুইটারে শোকপ্রকাশ করতে দেখা যায়। পিছিয়ে নেই দক্ষিণী তারকা চিরঞ্জীবী থেকে বাংলার জয়া আহসানও।
বিরাট লিখেছেন, 'ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে মন ভারাক্রান্ত। যারা তাঁদের কাছের মানুষ হারালেন অথবা যারা গুরুতর আহত তাঁদের সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।' বলিউড তারকা অক্ষয় কুমার, সলমন খান অথবা অনুপম খেরের টুইটেও উঠে এসেছে মৃত যাত্রীদের পরিজনদের প্রতি সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা।
শুধু টুইট করেই থেমে নেই দক্ষিণী তারকা চিরঞ্জীবী। আহতদের চিকিৎসার জন্য স্বেচ্ছায় রক্তদান করা প্রয়োজন দুর্ঘটনা সংলগ্ন অঞ্চলে, সেই কারণে নিজের ভক্ত ও অনুরাগীদের রক্তদানের আহ্বান জানালেন দক্ষিণী সুপারস্টার। যে যাত্রীরা এখনও আটকে রয়েছেন ট্রেনে তাঁদের পরিজনদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর শেয়ার করেছেন 'অর্ধাঙ্গিনী' অভিনেত্রী জয়া আহসান।

ইনস্টাগ্রাম স্টোরিতে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রকুলপ্রীত সিং। করমন্ডল দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন আরও এক দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর-ও।
বাড়ি তৈরির স্বপ্ন অধরাই থেকে গেল, করমণ্ডল প্রাণ কাড়ল কাটোয়ার ছোট্টুর