
শেষ আপডেট: 19 June 2023 14:01
ফাটাফাটি ছবির বক্স অফিস সাফল্যের মাঝেই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজের আরেক নতুন ছবির খবর প্রকাশ্যে এল। ছবির নাম 'দাবাড়ু'। এখনও ফাটাফাটি প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। উইন্ডোজের ছবি মানেই বিষয় ভাবনা, অদ্ভুত সারল্য ও স্পষ্ট বার্তা থাকবে, যা সহজেই দর্শকদের মন ছুঁয়ে যায়।
সাদা কালো চৌষট্টি খোপের মধ্যে আটকে এক শিশুর স্বপ্ন। সে দাবাড়ু হওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে তার আপনজনেরা। দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনির উপর ভিত্তি করেই এই ছবি তৈরি হতে চলেছে। বরাবর বাস্তবসম্মত ছবি করে মানুষের মন জয় করেছেন পরিচালক প্রযোজক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

ছবির ব্যাপারে প্রশ্ন করা হলে পরিচালক তথা উইন্ডোজের প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, 'সবচেয়ে কম বয়সে কলকাতা থেকে দাবায় গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। সূর্যশেখরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি উইন্ডোজ প্রোডাকশন থেকে পরিচালনা করবেন পথিকৃৎ বসু। জুলাই মাসের শেষে ছবিটি ফ্লোরে যাবে। মূলত কলকাতায় ছবির শ্যুটিং হবে। আগামী শীতে এই ছবি মুক্তি পাবে। ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং সংলাপ রচয়িতা অর্পণ গুপ্ত। এই ছবির হাত ধরেই অরিত্র এবং অর্পণ ছবির জগতে পা রাখতে চলেছেন’।


সেই সঙ্গে তিনি আরও জানালেন, 'এই ছবির বড় দিক হল একজন খেলোয়াড় তৈরি হওয়া কখনও একার পক্ষে সম্ভব নয়। তার পেছনে এমন কিছু মানুষের অবদান থাকে যাঁরা সেই জায়গায় তাঁকে নিয়ে যেতে সাহায্য করেন। সেক্ষেত্রে তাঁর বাবা-মা দাদু, পরিবারের মানুষজন এমনকি কোচের ভূমিকা কতটা এবং সে কিভাবে ওই জায়গায় পৌঁছল সেইসব গল্পগুলো এই ছবিতে থাকবে। সূর্যশেখরের ৫ বছর বয়স থেকে ১৯ বছর বয়স পর্যন্ত অর্থাৎ গ্র্যান্ড মাস্টার হওয়া পর্যন্ত গল্প ছবিতে উঠে আসবে।'

ছোট পর্দায় 'মুশকিল আসান' এর পর কুড়ি বছর বাদে চিরঞ্জিত চক্রবর্তী উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে আবার কাজ করতে চলেছেন। চিরঞ্জিতের সঙ্গে কাজ করতে আপনাদের এত দেরি হল কেন প্রশ্নের উত্তরে শিবপ্রসাদ বললেন, 'এর পেছনে যথার্থ কোনও কারণ নেই। যাঁদের সঙ্গে আমাদের এখনও কাজ করা হয়ে ওঠে নি চরিত্র অনুযায়ী আমরা তাঁদের সঙ্গে যাতে কাজ করতে পারি সেই চেষ্টাই করছি। চিরঞ্জিত দার সঙ্গে কুড়ি বছর আগে ছোটপর্দায় আমরা কাজ করেছিলাম। এছাড়াও এই প্রথম উইন্ডোজ প্রোডাকশনে কাজ করতে চলেছেন দীপঙ্কর দে।'

ছবিতে চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে ছাড়াও অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শংকর চক্রবর্তী, কৌশিক সেন, বিশ্বনাথ বসু, সঙ্ঘশ্রী সিনহা মিত্র প্রমুখ। ছবিতে কোচের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী ও কৌশিক সেনকে। ছবিতে সূর্যশেখরের বাবা ও মায়ের ভূমিকায় যথাক্রমে অভিনয় করবেন শংকর চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। মধুরা পালিত চিত্রগ্রহণ করবেন। অনেকদিন ধরেই দাবাকে কেন্দ্র করে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির পরিকল্পনা ছিলই। এবারে সেই স্বপ্নই পূরণ হতে চলেছে।
পরিচালক পথিকৃৎ বসু ইতিপূর্বে কাছের মানুষ, হরিপদ ব্যান্ডওয়ালা, ফিদা ইত্যাদি ছবি পরিচালনা করেছেন। তবে অনেকেই জানেন না ইন্ডাস্ট্রিতে প্রথম তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় কে 'মুক্তধারা' ছবিতে সহযোগী পরিচালক হিসেবে অ্যাসিস্ট করেছিলেন। এই ব্যাপারে পরিচালক পথিকৃৎ জানালেন, 'আমি প্রথমেই ধন্যবাদ জানাব উইন্ডোজ প্রোডাকশন এবং নন্দিতা দি, শিবুদাকে। যাঁদের প্রথম অ্যাসিস্ট করে আমি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম। তাঁদের প্রযোজনায় ছবি পরিচালনা করা এটা আমার জীবনে বড় প্রাপ্তি। বাংলা মূলধারা ছবিতে উইন্ডোজের কাজ বারেবারে সমাদৃত হয়েছে। আশা করব দাবাড়ুকেও সেই উচ্চতায় আমরা পৌঁছে দিতে পারব।'


ছবির প্রযোজক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রযোজনা উইন্ডোজ। নিবেদনে সঞ্জয় আগরওয়াল। তবে সম্প্রতি ছবির পোস্টার লঞ্চে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী থেকে শুরু করে স্বয়ং সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। সূর্যশেখর জানান, 'আমি পেশাগতভাবে যে স্বীকৃতি অর্জন করেছি সেটা তো সকলের কাছেই নথিভুক্ত। কিন্তু এটা ভেবে আমার খুব ভাল লাগছে পরিবারের যে সংগ্রাম এবং ত্যাগের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, আমার মা দাদুর যে অবদান সেটা ছবিতে তুলে ধরা হবে। আমার ছোটবেলার থেকে গ্র্যান্ড মাস্টার হওয়া পর্যন্ত যে দীর্ঘ পথ সেটা ছবিতে দেখানো হবে’। তবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন তা এই মুহূর্তে প্রযোজনা সংস্থা জানাতে নারাজ।
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে ইমন চক্রবর্তী, সঙ্গে দেবজ্যোতি মিশ্র এবং ইন্দ্রদীপ দাশগুপ্তও