
শেষ আপডেট: 23 November 2023 16:35
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে আয়োজন করা হয়েছিল এক সঙ্গীত সন্ধ্যার। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, লোকগান, আবৃত্তি ও সমকালীন সময়ের বাংলা গানের সম্মেলনে মনোজ্ঞ হয়ে উঠেছিল অনুষ্ঠানটি। শুরুতে সূচনা সঙ্গীত পরিবেশন করে ‘সুরের তরী’ গোষ্ঠী। এরপরে অনুষ্ঠানের মূলপর্বের শুরু হয়েছিল শিল্পী পিয়ালী বসুর গানের মধ্যে দিয়ে। পিয়ালী রবীন্দ্র ঘরানার গানে পারদর্শী। কিন্তু শনিবার সন্ধ্যায় নিজের পরিচিত বৃত্তের বাইরে বেরিয়ে আমি বনফুল গো, তুমি বন্ধু কালা পাখির মতো একাধিক গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন।
এরপরের নিবেদন ছিল পেশায় চক্ষু বিশেষজ্ঞ ভাস্কর মুখোপাধ্যায়ের আবৃত্তি। রবীন্দ্রনাথের রচিত কবিতা ছাড়াও কেউ কথা রাখেনি, অমলকান্তির মতো একাধিক কবিতা পাঠ করেন তিনি। অনুষ্ঠানের শেষ অংশ ছিল সাংবাদিক প্রবাল গঙ্গোপাধ্যায়ের নিজের তৈরি গানে সাজানো। সমকালীন বিভিন্ন ঘটনাকে গানের বিষয়ে তুলে আনলেন প্রবাল। তাঁর গাওয়া বিভিন্ন গানের মধ্যে গাইব কী, কী শোনাব গানে উঠে এল মণিপুর থেকে বগটুইয়ের নাম, দেশের অস্থির সময়ের কথা।
ফেক প্রোফাইলের শিকার হওয়া থেকে সজাগ করতে প্রবাল গাইলেন হারাধন নামে এক ব্যক্তির পরকীয় প্রেমের গান। যেখানে গানের নায়ক হারাধনকে ফেক প্রোফাইল খুলে বোকা বানায় তার স্ত্রী। শুধু গানের কথা আর সুর নয়, প্রবাল তাঁর গানের মাধ্যমে যে সচেতনতার সন্ধান দেন, তা শ্রোতার মনকে নাড়া দিয়ে যায়।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী ও লেখক জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, বরিষ্ঠ কবি কমল দে শিকাদার ও সঞ্চালকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট কবি সুমিতাভ ঘোষাল। তাঁরা প্রত্যেকেই নিজেদের তৈরি কবিতা পাঠ করে শ্রোতাদের মাতিয়ে রাখেন।