
শেষ আপডেট: 14 October 2023 20:33
দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি অবস্থাতেই এবার উপোস শুরু করছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। না, কোনও ‘ভুখ হরতাল’ নয়, তিনি উপোস করবেন তাঁর ‘প্রেমিকা’ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য। শনিবার সুকেশ নিজেই এই কথা জানিয়েছেন। এর আগে উপহার পাঠানো, চিঠি লেখার মতো যাবতীয় কাণ্ডও ঘটিয়েছেন সুকেশ। কিন্তু জ্যাকলিনের জন্য কেন তিনি উপবাস পালন করবেন? সে কারণও জানিয়েছেন প্রেমিক সুকেশ চন্দ্রশেখর।
রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি। আর এই কারণেই তিনি ভগবানের কাছে জ্যাকলিনের জন্য প্রার্থনা করে উপোস করবেন টানা ৯টা দিন। যেহেতু গত দু’বছর ধরে তিনি জেলবন্দি, তাই ওখানে থেকেই অভিনেত্রীর জন্য নির্জলা উপবাস করে থাকতে হবে কনম্যানকে। সুকেশ বলেন, ‘‘জীবনে এই প্রথমবার উপোস করছি। তোমায় যাতে কোনও অশুভ শক্তি ছুঁতে না পারে, তাই আগামী ৯ দিন নবরাত্রির উপোস রাখব।’’
উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে দোহাতে গিয়েছিলেন জ্যাকলিন। সঙ্গে ছিলেন শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, টাইগার শ্রুফের মতো অভিনেতারা। গিয়েছিলেন কিয়ারা আদবানিও। সবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। ওখানে জ্যাকলিনকে কতটা সুন্দরী লাগছে, সেই বাখ্যাও দিয়েছেন সুকেশ। এই প্রথম না, এর আগে সুকেশ ভ্যালেন্টাইন ডে’তে জ্যাকলিনের উদ্দেশে চিঠিও লিখেছিলেন জেল থেকে। সেই নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি অভিনেত্রীকে।
২০০ কোটি টাকা তছরুপ মামলায় সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকলিনের নামও উঠে এসেছিল। তিনি নাকি সুকেশের থেকে দামি দামি উপহার দিয়েছেন, এমনও অভিযোগ উঠেছে। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবিও সংবাদমাধ্যমের হাতে এসেছিল। তবে জ্যাকলিন বারবার দাবি করেছেন, সুকেশের সঙ্গে তাঁর কোনওরকম ব্যক্তিগত সম্পর্ক ছিল না। বরং সুকেশের জন্যই তাঁর জীবন নরক হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী।