
শেষ আপডেট: 11 December 2020 14:02
মাত্র ৪৬ বছর বয়সে হার্ট অ্যাটাকের খবর শুনে মুষড়ে পড়েছেন রেমোর অনুরাগীরা। রেমোর স্ত্রী লিজেলা ডি'সুজা জানিয়েছেন, "রেমোর হার্টে ব্লকেজ ছিল। সকাল থেকে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হওয়ার পর হসপিটালে ভর্তি করানো হয়। ডাক্তাররা সঙ্গে সঙ্গেই অ্যাঞ্জিওগ্রাফি করেন। এখন আইসিইউতে ভর্তি আছেন।"
রেমোর খুব কাছের বন্ধু আহমেদ খান জানিয়েছেন, "রেমোর অবস্থা খুব একটা ভাল না। আমরা ওর কাছের বন্ধুরা, পরিবারের সবাই হাসপাতালে আছি। প্রার্থনা করছি যাতে ও সুস্থ হয়ে যায়।" কিন্তু অন্যদিকে শুক্রবার সন্ধের দিকে ডাক্তাররা আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন রেমো আগের থেকে খানিকটা ভাল আছেন। আইসিইউতে আছেন। ২৪ ঘণ্টা ডাক্তাররা তাঁর পাশেই থাকবেন। ফলে খুব চিন্তার কারণ নেই।
রেমো নায়কদের ব্যাকগ্রাইন্ড ডান্সার হিসেবে প্রথমে পা রাখেন বলিউডে। তারপর নাচের প্রতি ভালবাসায়, শিখতে শিখতে, তিনি এখন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত নৃত্যশিল্পী। তারপরেই 'ডান্স ইন্ডিয়া ডান্স'-এর একের পর এক সিজনে তাঁকে বিচারক হিসেবে দেখা গেছে। তার পাশাপাশি বলিউডের বেশ কিছু বিখ্যাত সিনেমায় নাচের নির্দেশনা দিয়েছেন। স্ট্রিট ডান্সার থ্রি ডি, এবিসিডি, এবিসিডি ২ -এর পরিচালকের এমন শারীরিক অবস্থার খবর শুনে, তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন লক্ষ লক্ষ অনুরাগীরা।