গত বছর সেপ্টেম্বর নাগাদ টলিপাড়ার এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানান।
.png.webp)
শেষ আপডেট: 18 May 2025 21:52
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের একাধিক অভিনেত্রী অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। অনেকেই প্রকাশ্যে মুখ খুলেছেন। গত বছর টলিপাড়ার এক অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন অরিন্দমের বিরুদ্ধে। এবার সেই মামলাতেই আলিপুর আদালতে চার্জশিট পেশ করল পুলিশ।
গত বছর সেপ্টেম্বর নাগাদ টলিপাড়ার এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানান। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই অরিন্দম শীলের নামে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআরও দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগের কারণে ডিরেক্টর্স গিল্ড তাঁকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ডও করে।
অভিনেত্রী অভিযোগ করেছিলেন, ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাঁকে কোলে বসান পরিচালক। তার পর চুমু খান। এর পরেই তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন। দু'জনকে মুখোমুখি বসিয়ে কথাও হয় মহিলা কমিশনে। অভিযুক্ত যদিও অভিযোগ অস্বীকার করেন সেই সময়। তিনি দাবি করেছিলেন, দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়। ক্ষমাও চান। তবু নরম হয়নি মহিলা কমিশন। ক্ষমা চেয়ে যে চিঠি লিখলেও অরিন্দমের লেখা ‘অনিচ্ছাকৃত’ শব্দটি মুছে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। দায়ের হয় এফআইআরও। এবার সেই এফআইআরের ভিত্তিতেই ২১ পাতার চার্জশিট পেশ করেছেন পুলিশ, যা ইতিমধ্যেই দ্য ওয়ালের কাছে এসে পৌঁছেছে।
পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নতুন নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিনেত্রী আঙুল তুলেছেন। অরিন্দমের বিরুদ্ধে ২০২০ সালে অভিযোগ করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাঁর অভিযোগ ছিল, চিত্রনাট্য পড়ার জন্য নিজের অফিসে ডেকে যৌন হেনস্থা করেছিলেন অরিন্দম। যদিও সে সময় লিখিত অভিযোগ জানানো হয়নি পরিচালকের বিরুদ্ধে।