
শেষ আপডেট: 29 May 2023 07:48
দ্য ওয়াল ব্যুরো: তাঁর শিকড় আফ্রিকা মহাদেশের হলেও মনন যেন ভারতের। তানজানিয়ার মতো এক ছোট্ট দেশে থেকেও শুধুমাত্র সামাজিক মাধ্যমের সৌজন্যে তিনি পৌঁছে গিয়েছেন বলিউড, টলিউডেও। শাহরুখ খান, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশলের সিনেমার গান তাঁর মুখস্থ। সেসব গানে নাচ করে ভিডিও-ও বানিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশেও পৌঁছে গিয়েছেন আফ্রিকার কিলি পল (Kili Paul)। আর এবার সেদেশের 'হাওয়া'য় ভেসে গাইলেন 'তুমি বন্ধু কালা পাখি'। যা শুনে মুগ্ধ হলেন খোদ সে ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।

এমনিতে তানজানিয়ার এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে থাকেন। তাঁর কণ্ঠে খুব একটা গান শোনা যায় না। তবে কিছুদিন আগে আয়ুষ্মান খুরানার 'ভিকি ডোনর' সিনেমার 'পানি দা' গানটি গেয়েছিলেন নিজেই। এবার ভাঙা ভাঙা, অথচ স্পষ্ট বাংলাতেই গাইলেন ‘তুমি বন্ধু কালা পাখি'। কিলি পলের গাওয়া গানটি মুগ্ধতা ছড়িয়েছে অনুরাগী মহলে।

আর সেই সামাজিক মাধ্যমের দৌলতেই কিলি পলের ভিডিও পৌঁছে গিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর কাছেও। কিলি পলের গাওয়া সেই গানের ভিডিও তিনি শেয়ারও করেছেন। সঙ্গে ক্যাপশনে তানজানিয়ার ওই কনটেন্ট ক্রিয়েটরকে মেনশন করে ধন্যবাদও জানিয়েছেন। অনেকেই কিলি পলের গাওয়া সেই গানের প্রশংসা করেছেন চঞ্চলের পোস্টের কমেন্ট বক্সে।
কুশনে ঢাকা গোপনাঙ্গ, 'অলস ছেলে' অর্জুনকে নিয়ে কী বললেন মালাইকা?