
শেষ আপডেট: 3 May 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে ছবিটির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছে মুসলিম সংগঠন। এরমধ্যেই সেন্সর বোর্ডে (Censor Board) ১০টি দৃশ্য কাট করে ছাড়পত্র দেওয়া হল সিনেমাটিকে। ২০২২ সালে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। এরমধ্যেই 'দ্য কেরালা স্টোরি' ঘিরে বিতর্কের আঁচ এসে পড়েছে রাজনৈতিক মহলেও।
কেরলের ভিন ধর্মাবলম্বী, মূলত হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তরিত করে জঙ্গি গোষ্ঠী আইসিস-এ যোগদান করানোর ঘটনাকে কেন্দ্র করেই ছবির কাহিনি লেখা হয়েছে। পরিচালক বঙ্গসন্তান সুদীপ্ত সেন। ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে, সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে দিতেই এই ছবি তৈরি হয়েছে। এমন সিনেমা তৈরির জন্য তিনি সঙ্ঘ পরিবারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। বিজয়নের দাবি, এটি একটি প্রোপাগান্ডা ছবি।
সম্প্রতি 'দ্য কেরালা স্টোরি' ব্যান করার দাবিও তোলা হয়েছিল। এমতাবস্থায় বেশ তাড়াহুড়ো করেই ১০টি দৃশ্য কেটে ছবিটিকে মুক্তির জন্য সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দের সাক্ষাৎকারের একটি দৃশ্য ছিল ছবিতে। তা বাদ পড়েছে সেন্সর টেবিলে। এছাড়াও হিন্দু দেবদেবীদের নিয়ে বেশ কিছু দৃশ্যে সংলাপ ছিল। সেগুলিও কাটা হয়েছে। এর পাশাপাশি ছবিতে একটি সংলাপ রয়েছে, যেখানে বলা হচ্ছে যে, ভারতীয় কমিউনিষ্টরা ভীষণ দু'মুখো। সেন্সর বোর্ড এই সংলাপটি থেকে ভারতীয় শব্দটি বাদ দিয়েছে।
দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এরপর থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন '১৯২০' সিনেমা খ্যাত আদাহ শর্মা। আগামী শুক্রবার, ৫ই মে হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম ভাষায় মুক্তি পাবে 'দ্য কেরালা স্টোরি'। এদিকে শীর্ষ আদালত এখনও ছবির মুক্তি আটকানো সংক্রান্ত মামলাটি দ্রুত শোনার আর্জি মঞ্জুর করেনি। কোর্ট বলেছে, ঘৃণা ভাষণ সংক্রান্ত মামলার সঙ্গে সিনেমা মুক্তি আটকানোর আর্জি শোনা হবে। এখন দেখার বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কোনও পদক্ষেপ করে কিনা।
‘দ্য কেরালা স্টোরি’-র মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টে মুসলিম সংগঠন, কী আছে ওই ছবিতে