
শেষ আপডেট: 6 November 2022 07:57
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান! রবিবার মুম্বইয়ের রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে এক কন্যাসন্তানের (baby girl) জন্ম দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। এদিন সাতসকালে আলিয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছন তাঁর স্বামী তথা অভিনেতা রনবীর কাপুর (Ranbir Kapoor)। পরে সেখানে আসেন আলিয়ার মা সোনি রাজদান, শাশুড়ি মা নিতু কাপুর-সহ আরও অনেকে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন আলিয়া। পরিবারে ছোট্ট সদস্য আগমনের খবর সামনে আসতেই নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বলিউডের সেলেব্রিটিরা।
উল্লেখ্য, রবিবার সাতসকালে মুম্বইয়ের রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে স্বামী রণবীর কাপুরের হাত ধরে পৌঁছে গিয়েছিলেন আলিয়া ভাট। তখনই জানা যায় যে, আজকেই সন্তান জন্ম দেবেন অভিনেত্রী। এদিকে সকাল সকাল ‘রণলিয়া’ হাসপাতালে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন তাঁদের অগণিত অনুরাগী থেকে শুরু করে বন্ধু-আত্মীয়স্বজনরা। হাসপাতালের সামনে ভিড় জমায় মিডিয়াও।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর-আলিয়া। এরপর মাস দুয়েক কাটতে না কাটতেই জুন মাসে সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন বলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি। হাসপাতালের বিছানায় শোয়া আলিয়া ও পাশে বসে থাকা রণবীরের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আওয়ার বেবি… কামিং সুন’। এরপর ধীরে ধীরে হাতে থাকা সমস্ত কাজ শেষ করেন আলিয়া।
নিয়ম মেনে গত অক্টোবর মাসেই ‘বেবি শাওয়ার’ অর্থাৎ সাধ হয় অভিনেত্রীর। রণবীর কাপুরের পাশাপাশি সেদিন ওই অনুষ্ঠানে দেখা যায় পরিবারের অন্যান্য সদস্যদেরও। শাশুড়ি মা নিতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদান দু’জনে মিলেই অভিনেত্রীকে সাধ খাওয়ান। সেই ছবিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এরপর থেকেই চলছিল দিন গোনার পালা। অবশেষে আজ এল সেই মাহেন্দ্রক্ষণ।
রবিবার সকাল সকাল হাসপাতালে রণবীর-আলিয়া, আজই কি নতুন সদস্যের আগমন!