
শেষ আপডেট: 11 August 2023 14:47
দ্য ওয়াল ব্যুরো: হুব্বা শ্যামল। বাম আমলে যার পরিচিতি ছিল হুগলির ‘দাউদ’ নামে। কলকারখানার শ্রমিকদের থেকে ‘হপ্তা’ তোলা দিয়ে অপরাধ জগতে হাতেখড়ি হয়েছিল হুব্বার। এরপর রাজনৈতিক নেতাদের মদতে সে ধীরে ধীরে হয়ে ওঠে হুগলির বেতাজ বাদশা। খুন, ডাকাতি, রাহাজানির অজস্র ঘটনায় অভিযুক্ত হয়ে জেলও খাটে কয়েকমাস। অবশেষে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর প্রতিপক্ষ গ্যাংয়ের হাতে খুন হয় সেই কুখ্যাত অপরাধী। এবার সেই হুব্বা শ্যামলকে নিয়ে নতুন সিনেমা বানিয়েছেন পরিচালক তথা রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুক্রবার, ১১ অগস্ট মুক্তি পেল 'হুব্বা' (Hubba)-র টিজার।
ছবিতে হুব্বার চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এছাড়াও পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। রয়েছেন নাট্য জগতের বহু অভিনেতা। আর কিছুদিন পরেই ছবির ট্রেলার মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ব্রাত্য বসু। তবে মুক্তির দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এদিন দ্য ওয়ালের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা প্রাথমিকভাবে এখনও কোনও নির্দিষ্ট দিন ঠিক করিনি। পুজোর আগে নাকি পরে ছবি রিলিজ করব সেই নিয়ে কথাবার্তা চলছে।"

‘হুব্বা’তে শ্যামলের মতো চরিত্রে মোশাররফ করিমকে ফার্স্ট লুক ও টিজারে দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা। বাংলাদেশের নাটকে তাঁকে মূলত হাসির চরিত্রেই বেশিরভাগ সময় দেখা গিয়েছে। সেখান থেকে ‘হুব্বা’তে এমন দাগি অপরাধীর চরিত্রে কীভাবে তাঁকে ভাবলেন পরিচালক? ব্রাত্য জানালেন, “এই ছবিটি মূলত সোশিও-কমেডি। আর বহু বাংলাদেশি নাটকে মোশাররফকে আমি সিরিয়াস ভূমিকাতেও দেখেছি। আমার মনে হয়েছে ওঁ হুব্বার মতো একজন সমাজবিরোধীকে বিশ্বাসযোগ্যতার সঙ্গে বড় পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন।”

এরপর ব্রাত্যর মুখে শোনা যায় মোশাররফকে নিয়ে তাঁর পরবর্তী পরিকল্পনার কথাও। পরিচালক জানান, “মোশাররফের সঙ্গে আমার এই নিয়ে দু’টি ছবি হয়ে গেল। ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’। ভীষণই ভাল অভিনেতা মোশাররফ। আমি তো পরের ছবিতেও ওঁকেই নেওয়ার কথা ভেবেছি। এরপর কী ছবি করব, তা এখনও ভেবে দেখিনি ঠিকই, কিন্তু মোশাররফকে মাথায় রেখেই চরিত্র নির্বাচনের চেষ্টা করব।” সঙ্গে ইন্দ্রনীলকে নিয়েও বেশ উচ্ছ্বসিত শোনালো পরিচালকের গলা। বললেন, “ইন্দ্রনীল খুবই ভাল অভিনেতা। আমার খারাপ লাগে যে, টলিউড ওঁকে ঠিকমতো ব্যবহার করেনি। ইন্দ্রনীলের আরও ভাল কাজ করার ক্ষমতা রয়েছে। তবে সম্প্রতি তো ফেলুদা বানানো হল ওঁকে নিয়ে। ভালই কাজ করে ওঁ।”

তবে শুধু তো মোশাররফ নয়, প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গেও এই নিয়ে পরপর দু’টি ছবি বানালেন ব্রাত্য বসু। এই প্রযোজকের সংস্থা থেকেই ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘মহানন্দা’ ও ‘অপরাজিত’র মতো বহুল প্রশংসিত দু’টি ছবি। সুস্থ চিন্তার ছবি বানানোর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে ফিরদৌসুলের। ব্রাত্যর মুখেও সেই প্রশংসা শোনা গেল তাঁর প্রযোজককে নিয়ে। পরিচালক বলেছেন, “ফিরদৌসুল আমায় কাজের ক্ষেত্রে ফুল লিবার্টি দেয়। আমি খুব বেশি টাকা খরচ করে ছবি বানানো পছন্দ করি না। আর এখন টলিউডের যা পরিস্থিতি, তাতে বেশি টাকা খরচ করাও সম্ভব না। তবে ফিরদৌসুল আমার চাহিদা পূরণ করতে পারে। ফলে ভাল কাজ হয়। ওঁর সঙ্গে পরেও কাজের কথা চলছে।”
ব্রাত্যর হাত ধরে পর্দায় হুগলির ‘হুব্বা’! শ্যামলের চরিত্রে বড় চমক