
শেষ আপডেট: 4 April 2023 07:48
দ্য ওয়াল ব্যুরো: 'ব্রহ্মাস্ত্র' অতীত। এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় এবং তৃতীয় ভাগ (Brahmastra part 2 and 3)। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee) মঙ্গলবার সকালেই এই সুখবর শোনালেন সিনেমাপ্রেমীদের। তবে পরবর্তী ছবিগুলিতে আদৌ রণবীর-আলিয়া থাকবেন কিনা, তা এখনও জানা যায়নি। ঘোষণা হয়নি ছবির কাস্টও।
ছবির গুণমান নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে ২০২২ সালের বলিউডের অন্যতম ব্লকবাস্টার যে 'ব্রহ্মাস্ত্র', সে নিয়ে কোনও দ্বিমত নেই। রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি নিয়ে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তা খুব কমই দেখা যায়। তবে সিনেমার যে এখানেই শেষ নয়, তা ছবির নির্মাতারা আগেই ঘোষণা করেছিলেন।
পরিচালক অয়ন মুখোপাধ্যায় 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ট্রিলজি বানাবেন, এ খবর আগেই জানা গিয়েছিল। তবে প্রথম ভাগ 'শিবা' ২০২২ সালে মুক্তির পর পরবর্তী দু'টি ভাগ কবে বেরোবে, সেই নিয়ে দর্শকমহলে প্রশ্ন ছিলই। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটালেন অয়ন। জানিয়ে দিলেন পরবর্তী দু'টি ভাগের মুক্তির দিনক্ষণ।
'অস্ত্রভার্স' নিয়ে মঙ্গলবার সরকারিভাবে একটি বিবৃতি জারি করেছেন পরিচালক অয়ন। শুরুতেই তিনি বলেন, "সময় এসেছে আমার ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রভার্স নিয়ে নতুন আপডেট দেওয়ার। ছবির প্রথম ভাগ নিয়ে দর্শকদের যে উন্মাদনা দেখেছি, তা আমায় অভিভূত করেছে। তবে নেতিবাচক প্রতিক্রিয়াও আমায় ভাবিয়েছে। তাই পরবর্তী ভাগ নিয়ে আমি জোরকদমে ঘষামাজা করেছি এবং অবশেষে সেই নিয়েই নতুন খবর এনেছি।"
'ব্রহ্মাস্ত্র'-র প্রথম পার্ট নিয়ে দর্শকদের যেভাবে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে, এবার আর সেটা করাতে চাইছেন না অয়ন। তাই 'ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব' এবং 'ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি'-র শ্যুটিং একসঙ্গেই শুরু করতে চলেছেন তিনি। খুব শিগগিরই কাজ শুরু হয়ে যাবে। ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে এবং তৃতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের ডিসেম্বরে।
ছবির শ্যুটিং কবে থেকে শুরু হবে, সে নিয়ে যদিও মুখ খোলেননি পরিচালক। এমনকী দ্বিতীয় ভাগে দেব চরিত্রে কে অভিনয় করতে চলেছেন, সেটাও অজ্ঞাত রয়েছে দর্শকদের। ধীরে ধীরে সমস্ত আপডেট অয়ন সামনে নিয়ে আসবেন বলে জানিয়েছেন। আপাতত সেই অপেক্ষাতেই দিন গোনা শুরু করেছেন অনুরাগীরা।
মুক্তি পেল ‘চেঙ্গিজ’-এর ট্রেলার, ধুমধাড়াক্কা অ্যাকশন শেষে জিৎ বললেন ‘খেলা হবে’