.webp)
শেষ আপডেট: 3 November 2023 21:04
দ্য ওয়াল ব্যুরো: ১৬ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এই বঙ্গকন্যা। সিরিয়াল থেকে সিনেমা, যে মাধ্যমেই অভিনয় করেছেন, সবেতেই তাঁর ভাল ইমেজ দেখিয়েছেন পরিচালকরা। একইরকম চরিত্রে কাজ করতে করতে ক্রমশ বিরক্ত হচ্ছিলেন অভিনেত্রীও। তবে একটি সিনেমাই তাঁর ইমেজ রাতারাতি বদলে দিয়েছে। সম্প্রতি এই কথাই সংবাদমাধ্যমে জানালেন অভিনেত্রী মৌনি রায়।
একতা কাপুরের প্রযোজনায় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-এর মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু হয় মৌনির। এরপর আরও বেশ কয়েকটি সিরিয়ালে তাঁকে দেখা গেলেও ‘নাগিন’-এ এসে প্রথম তাঁর চরিত্রে কিছুটা বদল হয়। তবে তখনও পরিচালকরা মৌনিকে অন্য ধরনের চরিত্রে নেওয়ার ঝুঁকি দেখাতে পারেননি। এরপরই চমক দেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনার মতো সুপারস্টারদের পাশে প্রধান মহিলা ভিলেন চরিত্রে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনিকে নেন অয়ন। অভিনেত্রীর কথায়, এই ছবিটিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে শুধু ‘ব্রহ্মাস্ত্র’ নয়, মৌনির দাবি, সম্প্রতি মুক্তি পাওয়া মিলন লুথারিয়া পরিচালিত ওয়েব সিরিজ ‘সুলতান অব দিল্লি’-ও তাঁকে নতুন পরিচয় দিয়েছে। এই সিরিজে অভিনেত্রীকে একজন ক্যাবারে ড্যান্সারের চরিত্রে দেখা গেছে।
এরপর ‘ব্রহ্মাস্ত্র’ প্রসঙ্গে মৌনি আরও বলেছেন যে, “এই ছবিতে আমার অভিনীত ‘জুনুন’ চরিত্রটি আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। আমি যে এরকম খলচরিত্রে অভিনয় করতে পারি, সেটা অয়নই আমায় বিশ্বাস করিয়েছে। বাকি পরিচালকরাও এখন আমায় নানারকম চরিত্রে ভাবছেন। দর্শকরা আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছেন। তবে আমি এখানেই থামব না। এখান থেকে নতুনভাবে কেরিয়ারকে শুরু করতে চাই।”