
‘অপারেশন সিঁদুর’
শেষ আপডেট: 8 May 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গি হামলার পর ভারত সরকারের তরফে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এই অভিযানে সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসায় এখন মুখর গোটা দেশ। আর সেই আবেগকে ঘিরেই এবার বলিউডে শুরু হয়েছে নতুন তোড়জোড়। অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ও পরিচালক ‘অপারেশন সিঁদুর’ নামটি নিজেদের ভবিষ্যতের ছবির জন্য রাখতে চেয়েছেন।
ভারতীয় মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশনে (IMPPA) ইতিমধ্যেই জমা পড়েছে বহু আবেদন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর (FWICE) সভাপতি বি এন তিওয়ারি।
এই ধরনের প্রতিক্রিয়া বলিউডে নতুন নয়। অতীতেও দেখা গিয়েছে, কোনও বড় জাতীয় ঘটনা ঘটলেই প্রথমে নাম রেজিস্টার করে রাখেন পরিচালকরা। অনেক সময় সেই নাম ব্যবহার করে ছবি তৈরি হয়। পরিচালক অশোক পণ্ডিত জানিয়েছেন, তিনিও এই নাম রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন। তাঁর কথায়, “ছবি হবে কি না জানি না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে নামটা আগে দখল করে নিতে হবে। এটা একটা ছবি পরিকল্পনার প্রথম ধাপ। অনেকেই জানেন না, পাকিস্তান-ঘনিষ্ঠ সন্ত্রাসবাদ আমাদের কতটা ক্ষতি করেছে। তাই এই বিষয়টা আমার কাছে খুব ব্যক্তিগতও।”
শোনা যাচ্ছে, পরিচালক মধুর ভান্ডারকর, মহাবীর জৈনের সংস্থা, টি-সিরিজ এবং জি স্টুডিওসও এই নাম নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তবে প্রাথমিকভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নাম এই তালিকায় থাকলেও, পরে সংস্থার তরফে জানানো হয়—এটি একটি ভুলবশত জমা পড়া আবেদন ছিল এবং তা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
রিলায়েন্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ আমাদের দেশের সাহসিকতার প্রতীক। এক জন জুনিয়র কর্মী অনুমতি ছাড়াই নামটি ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলেন। আমরা সেই আবেদন তুলে নিয়েছি। ভারতীয় সেনার সাহসিকতায় আমরা গর্বিত এবং দেশের স্বার্থে আমরা সর্বদা সরকার ও সেনাবাহিনীর পাশে আছি।” তবে এখন দেখার, এই ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে আদৌ কোনও ছবি তৈরি হয় কি না।