
শেষ আপডেট: 4 August 2019 14:34
সুস্মিতার কথায়, দত্তক নেওয়া মানে মাতৃত্বকেই অনুভব করা। আর সেটা হৃদয় থেকে। গর্ভে যে সন্তান বেড়ে ওঠে তাঁর সঙ্গে মায়ের যে যোগ থাকে, দত্তক সন্তানের ক্ষেত্রে সেই যোগ কোনও অংশে কম নয়। বরং এই যোগাযোগ আত্মার, যা কোনওদিন মুছে ফেলা সম্ভব নয়। পাশাপাশি সুস্মিতা এ-ও বলেন, "আমি ভাগ্যবান যে দু'বার মাতৃত্বের স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছি। ২০০০ সালে রেনিকে দত্তক নিয়েছিলাম। ২০১০ সালে আলিশা এসেছে আমার পরিবারে।"
আলিশাকে কী ভাবে জানিয়েছিলেন যে সে দত্তক সন্তান? এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, "খুব মজার ঘটনা। আমরা বিপরীত শব্দ বলার একটা খেলা খেলছিলাম। তখনই উঠে আসে দুটো শব্দ বায়োলজিকাল আর অ্যাডপটেড। মেয়েকে বুঝিয়েছিলাম তুমি স্পেশ্যাল। তাই আমার গর্ভে জন্ম নাওনি। কিন্তু তোমার সঙ্গে আমার যোগ অনেক গভীর। আত্মার টান আমাদের। যা নাড়ির টানের থেকে একটুও কম নয়।"
সিলভার স্ক্রিনে অনেকদিন সেভাবে দেখা যায়নি সুস্মিতা সেনকে। ব্যস্ত থাকে নিজের জুয়েলারি শোরুম আর ব্যবসার চেন নিয়েই। পাশাপাশি চলে মডেলিং এবং ফটোশ্যুট। তবে হাজার ব্যস্ততার মাঝেও মেয়েদের সময় দিতে ভোলেন না সুস্মিতা। আর মেয়েরাও কিন্তু মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে একটু দুষ্টুমি করার অপেক্ষাতেই থাকে।