
মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী
শেষ আপডেট: 1 April 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিছু প্রেম কাহিনি এমন আছে, যা পূর্ণতা না পেলেও, মানুষের মনের মণিকোঠায় চিরকাল অমলিন থেকে যায়। তাদের মধ্যে অন্যতম হল মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবীর সম্পর্ক। যদিও কেউ কখনও প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেননি, কিন্তু তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির অপ্রকাশিত এক খোলামেলা সিক্রেট। এবার, পরিচালক করণ রাজদান তাদের সম্পর্ক নিয়ে কিছু কথা শেয়ার করেছেন এক পডকাস্টে।
অনেক বছর পর, মিঠুন-শ্রীদেবীর সম্পর্ক আবারও আলোচনায় এসেছে। করণ রাজদান, যিনি মিঠুন এবং শ্রীদেবীর সহ-অভিনেতা ও পরিচালক, সিদ্ধার্থ কান্ননের চ্যাট শোতে জানান, মিঠুন ও শ্রীদেবী প্রায়ই ঝগড়া করতেন, এবং সেগুলো সারা রাত পর্যন্ত চলত। করণ রাজদান বলেন, "দু'জনে সারা রাত ধরে ঝগড়া করত, তবে এখন আর ওই দু'জনকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না।"
মিঠুন এবং শ্রীদেবী একসঙ্গে "ওয়াক্ত কি আওয়াজ", "ওয়াতন কে রাখওয়ালে" এবং "গুরু" ছবিতে অভিনয় করেছিলেন। এই সময়েই তাদের প্রেমের গুঞ্জন ওঠে। শোনা যায়, মিঠুন যদিও অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে বিবাহিত ছিলেন, কিন্তু গোপনে শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন।
করণ রাজদান মিঠুন সম্পর্কে আরও বলেন, "তিনি খুব শক্তিশালী ব্যক্তি, যে অন্য কেউ পারে না। তার ব্যক্তিগত জীবন যাই হোক, তিনি কখনোই তার কাজের উপর প্রভাব ফেলতে দেননি। তিনি সারা রাত জেগে থাকতে পারেন, পরের দিনের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং ঠিক সময়ে সেটে পৌঁছাতে পারেন। তিনি আবেগপ্রবণ এবং খাঁটি মনের মানুষ।"
এ সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। শোনা যায়, শ্রীদেবীর সম্পর্ক জানতে পেরে যোগিতা বালি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শেষে, শ্রীদেবী ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন এবং তাদের দুই কন্যা জাহ্নবী ও খুশি হয়। ২০১৮ সালে শ্রীদেবীর অকাল মৃত্যু হয়। মিঠুন ও শ্রীদেবী কখনওই প্রকাশ্যে তাদের সম্পর্ক স্বীকার করেননি।