
শেষ আপডেট: 1 November 2023 15:39
দ্য ওয়াল ব্যুরো: ইদ, দুর্গাপুজো, বড়দিন—বছরের এই তিনটি বড় উৎসবে সিনেমা মুক্তির হিড়িক পড়ে যায়। টলিউড হোক বা বলিউড, সর্বত্র একই চিত্র। তবে আগে দুর্গাপুজোর বদলে দিওয়ালির সময় হিন্দি সিনেমা মুক্তির বেশি চল ছিল। একটা সময় ছিল, যখন ইদ মানেই সলমন খান, দিওয়ালি মানেই শাহরুখ আর বড়দিনে আমির খানের ছবি মুক্তি পাবেই। এই সময়গুলিতে তখন অন্যান্য ছবি মুক্তি পাওয়া তো দূর, কেউ ভাবতই না। খানেদের রমরমার সেই বাজার এখন আর নেই। বদলে গিয়েছে ছবি মুক্তির সময়কালও। এখন সলমনের ছবি দিওয়ালিতেও আসে, শাহরুখও নিজের ছবি আনেন বড়দিনে। কিন্তু এবছর বড়দিন তথা ডিসেম্বরে সিনেমা হলগুলি যে পরিস্থিতির মুখে পড়তে চলেছে, তা হয়তো আগে খুব কমই হয়েছে।
বছরের এই শেষ মাসকে বড়দিনের মাস বলা হয়ে থাকে। এই মাসের শেষেই পড়ে শীতের ছুটি। পালন হয় ক্রিসমাস ইভ। কিন্তু এবারের ডিসেম্বরকে বড়দিনের মাস বলার পাশাপাশি সিনেমার বড় মাস বললে একটুও বাড়িয়ে হবে না। কারণ, শেষমুহূর্তে মুক্তির দিনক্ষণ না বদল হলে এখনও অবধি ছ’টি বড় হিন্দি ছবি মুক্তি পাবে এই মাসেই। এবং মাসের প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে ক্ল্যাশ। এবছর ডিসেম্বরে মোট ৫টি শুক্রবার। তারমধ্যে তিনটিতেই মুক্তি পাবে এই ৬টি ছবি। আর তিনটি শুক্রবারেই ক্ল্যাশ হবে একটির সঙ্গে অপরটির। ভাগ হয়ে যাবে বক্স অফিস। এতে ছবিগুলির ব্যবসায় প্রভাব তো পড়বেই। কিন্তু বিনা যুদ্ধে কেউই এইমুহূর্তে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। তাই বক্স অফিসে সম্মুখ সমরে দেখা যাবে রণবীর কাপুর-ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রা-বিজয় সেতুপতি, শাহরুখ খান-প্রভাস।
কোন কোন ছবি আসছে এই ডিসেম্বরে, দেখা যাক একনজরে:
ডিসেম্বরের পয়লা তারিখে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ এবং ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’। দু’টি ছবির টার্গেট অডিয়েন্স একেবারে আলাদা। ‘কবির সিং’-এর পর পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা তাঁর নতুন ছবিতেও হিরোকে একজন সিগমা মেল চরিত্রে দেখাবেন। সেই চরিত্রে রয়েছেন রণবীর। অন্যদিকে মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’-এ ভিকিকে দেখা যাবে ভারতীয় সেনা বাহিনীর প্রাক্তন প্রধান তথা দেশের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ-র ভূমিকায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাঁর ভূমিকা ছিল প্রশ্নাতীত। দু’টি ছবিই বেশ বড় বাজেটের। তবে দু’টি ছবিই মুক্তি পাচ্ছে একইদিনে। ডিসেম্বরের প্রথম ক্ল্যাশে কার জয় হয়, সেটাই দেখার।
এরপরের সপ্তাহে অর্থাৎ ৮ ডিসেম্বর আসছে আরও দু’টি হিন্দি ছবি। একটি সিদ্ধার্থ মালহোত্রার ‘যোদ্ধা’। দ্বিতীয়টি ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’। ‘যোদ্ধা’র পরিচালকদ্বয় তেমন পরিচিত না হলেও ছবির প্রযোজক করণ জোহর। তাই সিনেমাহলে সেটি যে বাড়তি সুবিধা পাবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এখনও অবধি ছবিটি নিয়ে কোনওরকম উচ্চবাচ্য শোনা যায়নি। তাই শেষ অবধি নির্ধারিত দিনে সিদ্ধার্থের ছবি মুক্তি পাবে কিনা, নিশ্চিত নয়। আর সেক্ষেত্রে সুবিধা পেতে পারে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’। ক্যাটরিনা ও বিজয়কে নিয়ে তিনি আরও একটি থ্রিলার সিনেমা বানিয়েছেন, যা নিয়ে সবার আগ্রহ তুঙ্গে।
সর্বশেষ এবং সবথেকে বড় ক্ল্যাশ ২২ ডিসেম্বর, বড়দিনের ঠিক আগে। এদিন মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। শাহরুখ-রাজকুমার জুটির এই প্রথম ছবিকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ঠিক কোন পর্যায়ে গিয়েছে, তা কল্পনাতীত। আর ঠিক ওই একইদিনে পরিচালক প্রশান্ত নীল আনছেন তাঁর নতুন ছবি ‘সালার’। প্রধান চরিত্রে প্রভাস। ‘বাহুবলি’ সিরিজের পর অভিনেতার একটিও ছবি বক্স অফিসে হিট নয়। তবে প্রশান্ত চাইছেন, শাহরুখের বিপরীতে তাঁর ছবি এনে প্রভাসের ভাগ্যের চাকা আরও একবার ঘুরিয়ে দিতে। ২০১৮ সালে প্রশান্তের ‘কেজিএফ’-এর কাছে ধরাশায়ী হয়েছিল শাহরুখের ‘জিরো’। এবারও কি তেমনই আশায় আছেন দক্ষিণী পরিচালক! উত্তর দেবে বড়দিনের বক্স অফিস।
তবে সিনেমার লড়াই শুধু বলিউডে নয়, টলিউডেও সমানভাবে চলে। এই দুর্গাপুজোতেও চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল একইদিনে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বড়দিনেও তেমনই ক্ল্যাশ দেখা যেতে পারে টলিপাড়াতেও। দেবের ‘প্রধান’ এই বড়দিনেই মুক্তি পাওয়ার কথা। আবার গতবছরের মতো এবারও সন্দীপ রায় ফেলুদার নতুন গল্প নিয়ে আসতে পারেন বড়পর্দায়। শীতের ছুটিতে কমলালেবু ও পিকনিকের মতো ফেলুদাও একইরকম মর্যাদা পায় বাঙালি বাড়িতে। গতবছর ডিসেম্বরে ‘হত্যাপুরী’র সময়েও তা আবার প্রমাণ হয়ে গিয়েছে। নতুন ফেলুদা, তপসে বা জটায়ুকে নিয়ে বিতর্ক হলেও বাঙালি দর্শক প্রেক্ষাগৃহ ভরিয়ে দিয়েছিলেন। এবার কী হবে, সেটাই দেখার।