দ্য ওয়াল ব্যুরো: আবার 'ভয়'কেই কারণ বলে মনে করছেন নাসিরউদ্দিন শাহ। প্রথমবার কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন তিনি। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশের কারও হস্তক্ষেপের বিরুদ্ধে যখন হঠাৎ করেই নামকরা তারকাদের একতা বোধ জেগে ওঠে, তখনই হাতে গোনা কয়েকজন সেলেব্রিটি তাঁদের ঠুকেই মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায়। এবারে সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে ঢুকে পড়লেন নাসিরউদ্দিন শাহ।
সম্প্রতি এক ভিডিওতে গত এক বছরে দেশের পরিস্থিতি, করোনা আবহে 'পরিযায়ী শ্রমিক'দের উপর বর্বর আচরণ, এবং কৃষক বিদ্রোহ নিয়ে তারকাদের মুখে কুলুপ এঁটে বসে থাকা নিয়ে তুমুল সমালোচনা করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বিশ্বাস করেন, অন্যায় করা এবং অন্যায় দেখেও চুপ করে সহ্য করা সমান অপরাধ।
শুধু তাই নয়। তিনি এও জানান, "আমার মনে হয় কিছু হারিয়ে ফেলার ভয় থেকেই কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন না তারকারা। আরে এতো ভয়ের কী আছে! আগামী সাত প্রজন্মের জন্য যখন ধনসম্পদ জমিয়েই রেখেছেন, তখন ভয় পাওয়ার তো কিছু নেই!" কাদের উদ্দেশ্যে নাসিরউদ্দিন এই কথাগুলো বলেছেন,সেটা বুঝতে কারও বাকি নেই। কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই, ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়।
রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফা, জামিলা জামিল, এবং সম্প্রতি অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারানডনও দিল্লির উপকন্ঠে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছেন। যে টুইটের পরেই তুলকালাম শুরু হয়ে যায় দেশজুড়ে। 'অপপ্রচারের বিরুদ্ধে ভারত', এবং ঐক্যবদ্ধ ভারতের ডাক দেন শচীন তেন্ডুলকার থেকে লতা মঙ্গেশকর। আবার অন্যদিকে এখনও নামকরা তারকাদের এই আন্দোলন নিয়ে সরাসরি মুখ খুলতে দেখা যায়নি। তাঁদের ঠুকেই যেমন তাসসী পান্নু টুইট করেছিলেন। তেমনই 'ভয় পেয়েই' একসুর তারকদের কণ্ঠে বলে মনে করছেন কঙ্কনা সেন শর্মা।