
শেষ আপডেট: 15 December 2023 14:30
দ্য ওয়াল ব্যুরো: হাজারও বিতর্কের মধ্যেই বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। সংলাপহীন এক চরিত্রে ববির ক্রূর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছে। অন্যদিকে 'অ্যাংরি ইয়ং ম্যান' ইমেজে ছবির নায়ক রণবীরকেও বেশ চমৎকার মানিয়েছে। তবে সবকিছু পার করেও ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এবার ববি দেওল জানালেন সিনেমার ক্লাইম্যাক্সে তাঁর এবং রণবীরেরও একটি চুম্বন দৃশ্য ছিল, যা এডিটের সময় বাদ দিয়েছেন পরিচালক।
ববি সিনেমা মুক্তির পর এক সংবাদমাধ্যমে বলেছেন, "ছবির ক্লাইম্যাক্সে রণবীরের সঙ্গে মারামারির আগে একটা চুম্বন দৃশ্য ছিল আমাদের। কিন্তু সম্পাদনার সময় সন্দীপ সেটা বাদ দিয়ে দিয়েছেন। আশা করছি, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা মুক্তি পাওয়ার সময় সেটা দেখা যেতে পারে।" অর্থাৎ ববির কথায় এটা পরিষ্কার যে, 'পাঠান', 'জওয়ান'-এর মতো 'অ্যানিমাল'-এরও এক্সটেন্ডেড ভার্সন মুক্তি পেতে পারে ওটিটিতে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে 'অ্যানিমাল'। সবকিছু ঠিকঠাক চললে জানুয়ারির শেষ সপ্তাহেই সিনেমাটি নেটফ্লিক্সে চলে আসবে।
প্রসঙ্গত, বাণিজ্যিক দিক থেকে ‘অ্যানিম্যাল’ সফল হলেও ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। গল্পের বিষয়বস্তু থেকে শুরু করে পুরুষ চরিত্রদের নিয়ে সমালোচনায় মুখর সোশ্যাল মিডিয়া। উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদযাপন করেছে ‘অ্যানিম্যাল’, এমনটাই দাবি সমালোচক থেকে শুরু করে নেটিজেনদের একাংশের। এর জবাব দিতে গিয়ে সমালোচকদের রীতিমতো একহাত নিয়েছেন ববি। তাঁর মতে, "একটা ছবিকে ছবির মতোই নেওয়া উচিত। একে বাস্তবের সঙ্গে মিলিয়ে সমালোচনা করা অত্যন্ত বেকার একটা কাজ। এতে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না।"