
শেষ আপডেট: 10 June 2023 07:41
দ্য ওয়াল ব্যুরো: রোমান্টিক হিরো থেকে বেশ অনেক দিনই হল শাহিদ নিজেকে বদলে ফেলেছেন অ্যাকশন হিরোতে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্লাডি ড্যাডিতেও তার ব্যতিক্রম হল না। একদিকে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এক পুলিশ আর অন্যদিকে একমাত্র ছেলেকে অবলম্বন করে বেঁচে থাকা এক বাবা এই দুয়ের বৈপরীত্যকে শাহিদ যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্লাডি ড্যাডিতে তার প্রশংসা করতেই হয়।
ব্লাডি ড্যাডি শুরু থেকেই চিনিয়ে দেয় যে এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর ছাড়া কেউ হতেই পারেন না। ছবির গতি শুরু থেকেই একেবারে টানটান। বলিউডে সাম্প্রতিক কালে এত হাই ভোল্টেজ অ্যাকশন ছবি দেখার সুযোগ অনেক দিন পর পাওয়া গেল।
হাইভোল্টেজ এই অ্যাকশন ছবিতে শাহিদ কাপুর এক দুর্নীতিগ্রস্ত পুলিশ যে কেবলমাত্র খাতায় কলমে এবং অন্যকে ভয় দেখাতে ব্যবহার করে তার পরিচয়পত্র। নিজে মাদক বিভাগের একজন অফিসার হয়েও ড্রাগ মাফিয়া সিকন্দর চৌধুরীকে ড্রাগ পাচার করে সুমের ওরফে শাহিদ। এখান থেকেই শুরু গল্পের। ড্রাগ সংক্রান্ত সমস্যায় ফেঁসে যাওয়ায় সুমেরের একমাত্র ছেলেকেই অপহরণ করে সিকন্দর। এরপর চোর পুলিশ খেলায় কীভাবে সুমের উদ্ধার করবে তার ছেলেকে তাই নিয়েই এগোয় বাকি গল্প।
এই কিশোর ছেলেই সুমেরের একমাত্র দুর্বলতা। সময় দিতে না পারলেও ছেলের খুঁটিনাটি সমস্ত কিছু যে তার নখদর্পণে সেই দৃশ্যে একজন বাবা হিসেবে শাহিদের অভিনয় যাকে বলে এক্কেবারে দশে দশ। শাহিদ কাপুরের পাশাপাশি উল্লেখ করতেই হয় ঠাণ্ডা মাথার ড্রাগ মাফিয়া সিকন্দর চৌধুরী ওরফে রণিত রায়ের কথা। অ্যাকশনের পাশাপাশি কমেডি দৃশ্য থেকে সংলাপ, দর্শকের বিনোদনের সবরকম উপাদানই মজুত।
ছোট চরিত্রে নজর কেড়েছেন টেলিভিশন সঞ্চালক মনীশও। এছাড়া রাজীব খান্ডেলওয়াল বা ডায়ানা পেটিও মন্দ নয়। তবে একজন উচ্চপদস্থ অফিসার হিসেবে ডায়নার অভিনয় আরও একটু ধারালো হলে মন্দ হতো না। সব মিলিয়ে যারা অ্যাকশন ছবি ভাল বাসেন তাঁরা তো অবশ্যই দেখবেন এই ছবি। পাশাপাশি যারা উপভোগ করেন ছোটখাটো অভিনয়ের খুঁটিনাটি তাদের জন্যও শাহিদ বনাম রণিতের টক্কর হতে চলেছে আকর্ষণীয়।
জন্মদিনে অকপট সোনম, ফ্যাশন আইকন থেকে বায়ুর মা কোন চরিত্রে স্বচ্ছন্দ্য? জানালেন নিজেই