
বিশ্বনাথ
শেষ আপডেট: 21 April 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘অসহ্য’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুকে। সঙ্গে থাকছেন ভাস্বর চ্যাটার্জিও। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপান্বিতা সেনগুপ্ত, যিনি আবার এই ছবির অন্যতম প্রধান চরিত্রেও অভিনয় করছেন।
এই ছবির কাহিনী আজকের সময়ের বাস্তবতাকে তুলে ধরেছে। 'রীল' আর 'শর্টস'-এর যুগে মানুষের ধৈর্য কমছে, আর তার প্রভাব পড়ছে ব্যক্তিগত সম্পর্কেও। সংসার আজ যেন ক্লান্তিকর, ভেঙে যাচ্ছে সম্পর্কে গড়ে ওঠা বিশ্বাস। এই সিনেমার গল্পও তেমনই এক দাম্পত্য জীবনের – পনেরো বছরের বৈবাহিক সম্পর্ক, তাতে জমেছে একঘেয়েমি।
ভাস্বর অভিনয় করছেন বর্ণ মিত্র চরিত্রে, যিনি রাই-এর স্বামী। রাই চরিত্রে রয়েছেন দীপান্বিতা। তাঁদের রয়েছে একটি চোদ্দো বছরের মেয়ে। তবুও রাই চায় ডিভোর্স। কেন? কারণ বর্ণের ব্যবহারে সে ক্লান্ত, অসহ্য। রাই তার সব কথা ভাগ করে নেয় পুরনো কলেজ ফ্রেন্ড অনুভবের সঙ্গে, যে চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। অনুভব এক সৎ, স্পষ্টভাষী মানুষ। রাই যখন বর্ণের প্রতি পুরোপুরি বিরক্ত, তখন অনুভব বলে বসে এক এমন কথা, যা রাই-এর চিন্তাভাবনার ভিত নড়িয়ে দেয়।
এই গল্পের আবহে শুনতে পাওয়া যাবে মিষ্টি সুরে বেজে ওঠা গান— ‘সোনা বন্ধু রে, যদি ভালো নাই বাসো, একটু মায়া করে যাও’।
ছবির শুটিং সম্প্রতি শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়ায়। এই ছবিতে নতুন প্রজন্মের তিন অভিনেতা – সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি, তাদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। গানে কণ্ঠ দিয়েছেন সুজয় ভৌমিক। পরিচালক দীপান্বিতা জানান, "ছবিতে ভাটিয়ালি গান রয়েছে। এই ছবি মানুষের মন ও সম্পর্কের টানাপোড়েনের কথা বলে। আমরা চাই ছবিটি মুক্তির আগে জাতীয় ও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাতে।" ‘অসহ্য’ তাই শুধু একটি সম্পর্কের গল্প নয়, এটি সময়ের সঙ্গেও এক তীক্ষ্ণ কথোপকথন।