
অভিনেত্রী ইন্দ্রাণী হালদার
শেষ আপডেট: 6 January 2025 18:19
সকালে ফোন ধরেননি, ধরলেন দুপুর-দুপুর। জন্মদিনে আলাদা করে কিছু প্ল্যান নেই অভিনেত্রীর (indrani halder)। বিকেলে এক অনুষ্ঠান রয়েছে, এটুকুই। জন্মদিনের শুভেচ্ছাবার্তায়, বললেন ‘ধন্যবাদ’। মিড ফিফটিতে নায়িকা, এতগুলো বছরে বদলে গিয়েছে তাঁর চারপাশ। ছেড়ে আসা বা ফেলে আসা অনেক কিছুই রয়েছে জীবনেও। জন্মদিনে নিজেকে কোনও কথা দিয়েছেন, যা রাখবেনই রাখবেন?
প্রশ্ন শুনে এক গাল হেসে বললেন, ‘পজিটিভ থাকব। সবার জন্য ভালভাল কাজ করব। নিজের উন্নতি করার চেষ্টা করব। সবাইকে আরও বেঁধে-বেঁধে রাখব, এগুলো তো রোজই মনে-মনে, বলে দিনের কাজ শুরু করি। এটাই তো রেজোলিউশন নাকি?’ হ্যাঁ, জানিয়ে পরের প্রশ্ন করা গেল। এই যে সবাইকে নিয়ে চলা কিংবা সবার জন্য ভাল-ভাল কাজ করা—এমন ভাবাপন্ন মানুষ যেমন আছে, তেমন এর বিপরীতেও রয়েছে কিছু মানুষ। তারা অদৃশ্য। ঘুরে-ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ার পোস্টের কমেন্ট সেকশনে, তাদের চেনেন নিশ্চয়ই?
কথাটা শুনে ফের হাসি, বললেন, ‘ট্রোলার। আমি ২০২৪-এ কত এমন লোকজন দেখলাম। বাপ রে বাপ!’ জন্মদিনে ট্রোলারদের উদ্দেশ্যে বললেন ইন্দ্রাণী, ‘তারা তাদের মতো কাজ করতে থাকুক। আমার বেশ ভালই লাগে। এই যে আমি ট্রোল হচ্ছি, তার মানে আমি চর্চায় আছি। মানুষ আমায় দেখতে চায়। চাহিদায় থাকলেই, কথা উঠবে, ট্রোলও হবে, এটা বুঝে গিয়েছি।’
নয়ের দশকের অন্যতম মুখ ছিলেন। ছোটপর্দার ‘শ্রীময়ী’-তে জবরদস্ত কামব্যাক। ছিলেন পর্দা থেকে খানিক দূরে-দূরেই , তবে জি-ফাইভে ‘ছোটলোক’ তাঁর অভিনয় নিয়ে কম কথা হয়নি। সেই ইন্দ্রাণী হালদার অনুষ্ঠানে পারফর্ম করেছেন, আর তারপরে কখনও, তাঁর গান নিয়ে কখনও তাঁর চেহারা নিয়ে তুমুল ট্রোল হচ্ছেন। এসবের তোয়াক্কা করেন না ইন্দ্রাণী।
‘আমি মানুষ। খারাপ-ভুল মিশিয়েই আমি মানুষ। আমি কিছু পারি, আবার কিছু পারি না। তা-ই সে সব নিয়ে যদি কেউ ট্রোল করে, কী বলতে পারি? যদি কেউ ভিডিও থেকে, পয়সা রোজগার করে, তার প্রতিও আমার শুভেচ্ছা রইল। যখন দেখবে আর আমার ভিডিও কেউ দেখছে না, নিজে-নিজেই আমায় ট্রোল করা বন্ধ করে দেবে। যতদিন ট্টোল হচ্ছি, ততো আমি উন্নতির দিকে এগোচ্ছি।’ স্বভাবসিদ্ধ হাসিতেই ফোন রাখলেন বার্থ ডে গার্ল ইন্দ্রাণী হালদার।