
নাম না করেই মিকার উদ্দেশে কী বললেন বিপাশা?
শেষ আপডেট: 3 March 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: কাজ পায় না বলে বিপাশা বসুকে (Bipasha Basu) খোঁচা দিয়েছিলেন মিকা সিং (Mika Singh)। একগুচ্ছ অভিযোগ এনেছিলেন বিপাশার বিরুদ্ধে। এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে পাল্টা মুখ খোলেননি বিপাশা। তবে নাম না করেই নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে এমন এক পোস্ট করেছেন যা দেখে নেটিজেনদের একাংশের ধারণা সেই পোস্ট আদপে মিকার উদ্দেশে।
বিপাশা লিখেছেন, "টক্সিক মানুষেরা হইহল্লা করে, আঙুল তোলে, অন্যের উপর অভিযোগ আনে, কোনও দায়ভার নিতে অস্বীকার করে। এই সব নেতিবাচক মানুষের থেকে আমাকে দূরে রেখো। দুর্গা, দুর্গা। ভগবান সবাইকে আশীর্বাদ করুক।"
বিপাশার বিরুদ্ধে ঠিক কী বলেছিলেন মিকা? সাক্ষাৎকারে মিকা জানান, তিনি ঠিক করেছিলেন একটি ছবি বানাবেন। প্রযোজক তিনি। বাজেট ছিল ৪ কোটি। বলিউড ছবির তুলনায় নেহাতই কম। তবু ইচ্ছে ছিল তাঁর। বিপাশার স্বামী অভিনেতা করণ সিং গ্রোভারকে বেশ পছন্দ ছিল মিকার। ঠিক করেন তাঁর ছবিতে নায়ক হবেন করণই। নায়িকার চরিত্রে ভাবা হয় অন্য এক সুন্দরীকে। তবে বিপাশা নাকি রাজি হননি। তিনি চেয়েছিলেন করণের বিরুদ্ধে নিজেকেই অভিনেত্রী হিসেবে দেখতে। বিপাশা ছবির অংশ হতেই তাঁর বাজেট বেড়ে দাঁড়ায় ১৪ কোটি।
মিকার কথায়, "অ্যালোন ছবির পরিচালক ভূষণ প্যাটেলের এই ছবি পরিচালনা করার কথা ছিল। তবে লন্ডনে গিয়েই বিপাশা করণের বায়নাক্কা বাড়তেই থাকে। রোজ রোজ নতুন নতুন দাবী নিয়ে হাজির হতে থাকে। চুমুর দৃশ্য ছিল ছবিতে। চুমু খাবেন না ওরা। দম্পতি বলে একটি ঘর দেওয়া হয়। তাতেও ছিল আপত্তি।"
এখানেই শেষ নয়, ডাবিংয়ের সময়েও নাকি বিপাশা ও করণকে নিয়ে বেজায় সমস্যায় পড়েন মিকা। তাঁর কথায়, "নয় বর অথবা বউ, সব সময়েই শুনে যাচ্ছিলাম গলা খারাপ। যখন কর্মহীন অভিনেত্রীরা ভাগ্যকে দোষ দিচ্ছে আমি বলব নিজেদের ব্যবহারের উপর নজর দিতে। ধর্মের মতো বড় প্রযোজনা সংস্থায় অল্প চরিত্রে অভিনয় করতে পেরেই এরা বর্তে যায়। আর এরাই আমার ছোট প্রযোজকদের ন্যুনতম সম্মানটুকু দেওয়ার প্রয়োজন বোধ করে না।" এরপরেই বিপাশার ওই পোস্ট! নিছকই কাকতালীয়? মনে করছেন না নেটিজেনদের একটা বড় অংশ।