
শেষ আপডেট: 25 October 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো: বছর তিনেক আগে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল বঙ্গ কন্যা বিপাশা বসুকে। ছবিতে তাঁর শেষ অভিনয় তারও আগে ২০১৮ সালে। করণ সিং গ্রোভারকে বিয়ের পর থেকেই অভিনয় কমিয়ে দিয়েছিলেন বিপাশা। গত কয়েক বছর চুটিয়ে সংসার করেছেন বিপস। তবে এবার সম্ভবত কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন বিপাশা।
পুজোয় প্রায় প্রতিদিনই মুম্বইতে মেয়ে, বরের সঙ্গে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন বিপাশা। একেক দিন একেক সাজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানেই একটি মণ্ডপে সাংবাদিকরা বিপাশাকে প্রশ্ন করেন ফের কবে তাঁকে পর্দায় দেখা যাবে? এতদিন এই প্রশ্নের উত্তরে বিপাশা জানাতেন অভিনয়ের বদলে সংসারটাই আপাতত গুছিয়ে করতে চান তিনি। তবে এবার অভিনেত্রীর গলায় শোনা গেল অন্য সুর। নিজেই বললেন, 'এতদিন আরও কিছুটা সময় চাই বলে আমি অনেক অজুহাত দিয়েছি'।
এবার অজুহাত ছেড়ে সত্যিই অভিনয়ে ফেরার কথা ভাবছেন বিপাশা, জানালেন অভিনেত্রী। তবে অভিনয়ে ফেরার কথা ভাবলেও তার জন্য মেয়ে দেবীর সুবিধা অসুবিধার সঙ্গে কোনও রকম আপস করতে রাজি নন বিপাশা। জানালেন, মেয়েকে একা রেখে যদি কোনও রকম অসুবিধা না হয় একমাত্র তখনই নিয়মিত শ্যুটিংয়ে যেতে পারবেন তিনি।
মজার ছলে বিপাশা এদিন বলেন, 'মেয়ের থেকে আগে আমাকে অনুমতি নিতে হবে'। ২০২২ এ করণ-বিপাশার মেয়ে দেবীর জন্ম হয়। জন্মের পরই কঠিন হৃদরোগে আক্রান্ত হয়েছিল ছোট্ট দেবী। চিকিৎসায় আপাতত সুস্থ সে। ফলে, মেয়েকে নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে তবেই ফের অভিনয়ে ফিরবেন, জানিয়ে দিলেন বিপাশা।