টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই! লাল সতর্কতার মাঝে বাতিল হয়ে গেল সলমন খানের ‘বিগ বস ১৯’-এর যাবতীয় কর্মসূচি।

‘বিগ বস ১৯’
শেষ আপডেট: 19 August 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই আবারও ডুবে গেল টানা বৃষ্টিতে। লাগাতার বর্ষণের জেরে রাস্তাঘাটে হাঁটু জল, থমকে গেছে জনজীবন। মৌসম ভবন ইতিমধ্যেই জারি করেছে লাল সতর্কতা। একাধিক রাস্তায় জল জমে তৈরি হয়েছে ভয়াবহ যানজট, বন্ধ হয়ে গেছে বেশ কিছু সড়কপথ। শহরবাসীকে অকারণে বাইরে না বেরোনোর অনুরোধও জানিয়েছে পুরনিগম।
এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়লেন সলমন খান। জানা গিয়েছে, আগামী ২৪ অগস্ট শুরু হতে চলা ‘বিগ বস ১৯’-এর প্রোমোশনাল কর্মসূচিতে মায়ানগরীর বিভিন্ন মিডিয়া হাউসে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অতিবৃষ্টিতে যখন শহর কার্যত থমকে দাঁড়িয়েছে, তখন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল ‘জিও হটস্টার’।
চ্যানেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “অবিরাম বৃষ্টিতে মুম্বই কার্যত জলমগ্ন। এই পরিস্থিতিতে ‘বিগ বস’-এর ঘরের দরজা খোলা সম্ভব হয়নি। তাই আপাতত এই অনুষ্ঠানের যাবতীয় কর্মসূচি স্থগিত রাখা হল। আমরা দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে পরিকল্পনা করা হবে।”
তবে শুধুমাত্র ‘বিগ বস ১৯’-এর প্রোমোশনাল ইভেন্টই বাতিল হয়েছে, বলিউডের অন্যান্য শুটিং এখনও চলছে। ফিল্মসিটির বেশ কিছু রাস্তা হাঁটু জলে ভেসে গেলেও কলাকুশলীরা সাবধানে প্রতিদিন কাজে হাজির হচ্ছেন।
উল্লেখ্য, ‘বিগ বস ১৯’ এবার ভোটের থিমে সাজানো হয়েছে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ২৪ আগস্ট থেকে—প্রতিদিন রাত ৯টায় জিও হটস্টারে এবং রাত সাড়ে দশটা থেকে কালার্স টিভিতে।