দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ার খবর রাখেন, অথচ ওরহান আওয়াত্রামানির নাম শোনেননি, এমন কি কেউ আছেন? গত বেশ কিছুদিন ধরেই নেট মাধ্যমে ট্রেন্ডিং ওরহান ওরফে ওরি। দীপিকা পাদুকোন থেকে কিয়ারা আদবাণী, জাহ্নবী কাপুর থেকে অনন্যা পাণ্ডে, এমনকী, আম্বানি পরিবারের সদস্যদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে ছবি তুলতে দেখা যায় এই তরুণকে। এককথায় বলা যেতে পারে, গোটা বলিউডেরই 'বেস্ট ফ্রেন্ড ফর এভার' ওরি। তাবড় তারকাদের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দুটো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কে এই ওরি? কী করেন তিনি?
সম্প্রতি নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন ওরি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে 'বিগ বস ১৭'-তে ডাক পেয়েছেন ওরহান। সেখানেই বিগ বস তথা সলমন খানের প্রশ্নে নিজের বিষয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন ওরি। বিগ বসে ওরহানের প্রবেশের কথা ঘোষণা করতে গিয়ে বেশ রহস্যজনকভাবেই মজা করেন সলমন। তিনি বলেন, "সকলের মনেই এখন একটা প্রশ্ন- কে এই ওরি? পাপারাজ্জিদের পছন্দের মানুষ, অভিনেতা ও অভিনেত্রীদের প্রিয়তম বন্ধু, যাঁর গল্পটাই রহস্যময়, সেই ওরিকে স্বাগত।"
টুকটাক এটা সেটা কথার পর সলমন সেই মোক্ষম প্রশ্নটি ছুড়ে দেন ওরির উদ্দেশে, "গোটা ভারত এ কথা জানতে চায়, ওরি কী করে?"
এরপরেই স্বভাবসিদ্ধ গ্রাম্য হিন্দিতে বিগ বসের সেই প্রশ্নের উত্তর দেন ওরহান। তিনি যা বলেন, তার তর্জমা করলে দাঁড়ায়, "ভাই গোটা পৃথিবী এই এক প্রশ্ন নিয়ে কেন পড়ে আছে? সবাই জানে আমি অনেক কাজ করি। আমি সকালে সূর্যের সঙ্গে উঠি, রাতে চাঁদের সঙ্গে ঘুমোতে যাই। অনেক কাজ করি আমি। আমি নিজেকে নিয়ে কাজ করি।"
একথা শুনে হাসিতে ফেটে পড়েন সলমন। তিনি বলেন, প্রথম এমন একজন মানুষের কথা শুনলাম যে সূর্যের সঙ্গে ঘুম থেকে ওঠে আর চাঁদের সঙ্গে শুতে যায়। একটুও অপ্রস্তুত না হয়ে পরিচিত হাসির দিয়ে তৎক্ষণাৎ ওরি সেই কথায় সম্মতি জানান।
বিগ বসের প্রোমোতে আরও একটি বিষয় নিয়ে ওরির সঙ্গে মজা করতে দেখা যায় সলমনকে। বিগ বসের ঘরে ওরি এন্ট্রি নিতেই দেখা যায়, তাঁর পরনে কালো রঙের একটি গোলগলা টি শার্ট যাতে লেখা 'আই অ্যাম লিভার'। সেই টি-শার্ট দেখেই হেসে ফেলে সলমন জিজ্ঞেস করেন, "আমি লিভার?" তাতে ওরির জবাব, "হ্যাঁ আমি লিভার।" ইংরেজি 'লিভ' শব্দটি যার অর্থ বেঁচে থাকা, তার সঙ্গে মিলিয়েই মজা করে তিনি বলেন, যাঁরা অ্যাক্ট অর্থাৎ অভিনয় করেন, তাঁরা অ্যাক্টর, লতা মঙ্গেশকর গান করেন, তাই তিনি একজন সিঙ্গার, সেই হিসেবেই তিনি যেহেতু বেঁচে আছেন, তাই তিনি একজন লিভার।
এতকিছুর পরেও যদিও নেটিজেনরা যা জানতে চেয়েছিলেন তার উত্তর মেলেনি। ওরির পরিচয় কী, তিনি পেশাগত দিক থেকে কী করেন, তা রহস্যই থেকে গেছে। তবে এসবের মধ্যেও ওরির রসবোধের তারিফ না করে পারছেন না ইন্টারনেটবাসী।