ট্রোলিং তো চলবেই, এখন আর এসব আমায় আগের মতো ভাবায় না: ভূমি পেডনেকর
দ্য ওয়াল ব্যুরো: ভূমির মতো নায়িকার উদাহরণ বলিউডে আর নেই বললেই চলে। সাইজ জিরোর জমানায় স্থুলকায় চেহারা নিয়েই ময়দানে নেমেছিলেন এই সাহসী অভিনেত্রী। হ্যান্ডসাম অভিনেতার বিপরীতে শুধু অভিনয় দিয়েই মন জয় করেছেন ভূমি পেবনেকর। কিন্তু তারপরেই
শেষ আপডেট: 27 January 2021 16:27
দ্য ওয়াল ব্যুরো: ভূমির মতো নায়িকার উদাহরণ বলিউডে আর নেই বললেই চলে। সাইজ জিরোর জমানায় স্থুলকায় চেহারা নিয়েই ময়দানে নেমেছিলেন এই সাহসী অভিনেত্রী। হ্যান্ডসাম অভিনেতার বিপরীতে শুধু অভিনয় দিয়েই মন জয় করেছেন ভূমি পেবনেকর। কিন্তু তারপরেই ওজন কমিয়ে, আবেদনময়ী চেহারায় ধরা দিলেও, ট্রোল কিন্তু এই অভিনেত্রীর পিছন ছাড়েনি।
সম্প্রতি করিনা কাপুর খানের 'হোয়াট ওমেন ওয়ান্ট' টক শোতে প্রথমবার সোশ্যাল মিডিয়ার ট্রোলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ভূমি পেডনেকর। জানালেন ট্রোলিংকে গুরুত্ব দিলে হয়তো জীবনের এই পর্যায়ে তিনি পৌঁছতেই পারতেন না। এক জায়গায় ভূমি বলেছেন, "শুরুর দিকে প্রশংসার মাঝে কুমন্তব্য শুনলেই মন খারাপ হত। কিছু কিছু মানুষ আছেন, যাঁদের মুখ থেকে কখনই ভাল শব্দ বের হয় না। প্রথমদিকে মনে হত, এমন আক্রমণাত্মকভাবে কেন কথা বলেন এঁরা! সোশ্যাল মিডিয়ার ট্রোলিং এখন আর আমাকে আগের মতো ভাবায় না। ধীরে ধীরে বুঝতে শিখেছি, আমার আনন্দ, আমার খুশি আমার উপরেই নির্ভর করছে।"

এখানেই শেষ নয়। ভূমি আরও বলেন, "আগে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় বাহবা শুনলে মন ভাল হত। কিন্তু এখন আর এই নিয়ে মাথা ঘামাই না। আসলে আমাদের, অভিনেতাদের জগতটা ভীষণ বড়। সিনেমা বক্স অফিসে সাফল্য পাবে কিনা সেটা সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ারের সংখ্যার উপরে নির্ভর করে না। তাই কে কী বলল, সেসব নিয়ে বেশি চিন্তা করি না।"

শক্তিশালী নায়িকার আত্মবিশ্বাস যেমন মুগ্ধ করেছে, তেমনই সামনেই রয়েছে আরও খুশির খবর। ২০১৮ সালের 'বাধাই হো'র সিক্যুয়াল 'বাধাই দো'-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভূমিকে। নায়িকার বিপরীতে থাকবেন রাজকুমার রাও। ইতিমধ্যেই সিনেমার শ্যুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। হয়তো চলতি বছরেই মুক্তি পাবে এই সিনেমা। বহুদিন পর তাঁর অভিনয় ফের দর্শকদের নজর কাড়বে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।