
শেষ আপডেট: 22 November 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বেডে শুয়ে অভিনেত্রী ভূমি পেডনেকর। হাতে স্যালাইনের চ্যানেল করা। ছবি পোস্ট করতেই নেটদুনিয়ায় শোরগোল! হঠাৎ কী হল অভিনেত্রীর? অনুরাগীদের প্রশ্নের জবাব দিলেন ভূমি নিজেই। জানালেন, গত আট দিন ধরে তিনি ডেঙ্গি আক্রান্ত। শুধু তাই নয়, ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সতর্কও করলেন অভিনেত্রী।
গত কয়েক বছর ধরে দেশে ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। অল্পের অসতর্কতায় জীবনহানির মতো ঘটনাও ঘটছে। সপ্তাহখানেক আগে লেখক, পরিচালক শ্রীজাতও ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার বলিউডেও ডেঙ্গির থাবা পড়ল। হাসপাতাল থেকেই ভূমি জানালেন, গত এক সপ্তাহ ধরে তিনি ডেঙ্গির সঙ্গে লড়াই করছেন।
View this post on Instagram
বিছানায় শুয়ে ভূমি নিজের দু’টো ছবি তুলেছেন। সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ডেঙ্গির মশা আমায় গত আট দিন চূড়ান্ত যন্ত্রণা দিয়েছে। কিন্তু আজ ঘুম ভাঙার পর দারুণ লাগল। তাই এই সেলফিটা তুললাম। বন্ধুরা সাবধান হও! গত কয়েকটা দিন আমার আর আমার পরিবারের কাছে খুবই ভয়াবহ ছিল। এখন সবার ক্ষেত্রে মশার ওষুধ মাস্ট।”
একইসঙ্গে ভূমি বলেন, “দূষণের জেরে মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে গিয়েছে। গত কয়েকদিনে আমার কাছের বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।” এর পাশাপাশি ভূমি বলেন, হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যই তিনি আবার সুস্থ হয়ে উঠছেন। সেইজন্য তাঁদের ধন্যবাদও জানান বলি অভিনেত্রী।