
মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান
শেষ আপডেট: 17 April 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় জমিয়ে 'ভুল ভুলাইয়া ৩' ছবির শ্যুট করে গেলেন কার্তিক আরিয়ান। হাওড়া ব্রিজ থেকে ফ্লুরিজ, সর্বত্র বিচরণ ছিল তাঁর। হরর কমেডি ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া’ (২০০৭) এবং ‘ভুল ভুলাইয়া ২’ (২০২২) বেশ হিট হয়েছিল। বক্স অফিসে রীতিমত ঝড় উঠেছিল ছবি দুটিকে নিয়ে। বিশেষত প্রথম ছবিটি মারকাটারি হিট। গানেও আইকনিক শ্রেয়া ঘোষালের 'আমি যে তোমার'। বিদ্যার দুর্দান্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুল ভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এরপর ‘ভুল ভুলাইয়া ২’ ছিল করোনা পরবর্তী সময়ের প্রথম বড় হিট। ২০২৩ সালে ঘোষণা হয়েছিল ‘ভুল ভুলাইয়া ৩’-এর।
প্রথম পর্বে অক্ষয় কুমার আর বিদ্যা বালন থাকলেও, দ্বিতীয় পর্বে দেখা যায় কার্তিক আরিয়ান আর কিয়ারা আডবানিকে। কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানির ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। এবারে অনীশ বাজমি পরিচালিত ছবিতে ফিরে আসছেন মঞ্জুলিকা বিদ্যা বালান। তবে সব থেকে বড় খবর বিদ্যার সঙ্গে ছবিতে থাকছেন মাধুরী দীক্ষিত। কার্তিক আরিয়ান মুখ্য ভূমিকায়, সঙ্গে রয়েছেন তৃপ্তি দিমরি। কলকাতাকে কেন্দ্র করেই ছবির গল্প এগিয়েছে।
২০০৭ সালে 'ভুল ভুলাইয়া ছবিতে' আমি যে তোমার' গানে শ্রেষ্ঠ গায়িকার আইফা পুরস্কার জিতে নেন শ্রেয়া ঘোষাল। সেরা সংগীত পরিচালকের পুরস্কার পান প্রীতম।আসমুদ্রহিমাচল দুলিয়ে দিয়েছিল 'আমি যে তোমার ... মেরে ঢোলনা' গান। দ্বিতীয় সিনেমায় বিদ্যাকে না দেখা গেলেও ১৭ বছর পর তৃতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’-এ ফিরছেন বিদ্যা। বহুদিন পর এই ছবি বিদ্যার কামব্যাকও বটে।
এবার 'আমি যে তোমার' গানে একসঙ্গে নাচতে চলেছেন বিদ্যা এবং মাধুরী। বিদ্যা নিজেই মাধুরীর নাচের ভক্ত। মাধুরীর সঙ্গে এক গানে নাচ করা বিদ্যার স্বপ্নপূরণ। তবে এই গানে বিদ্যা নিজেও আইকনিক হয়ে আছেন। 'ডোলা রে ডোলা' র ঐশ্বর্য-মাধুরীর জুটির পর 'ভুল ভুলাইয়া ৩' এ আসতে চলেছে বিদ্যা-মাধুরী জুটির নাচ। মজার কথা 'ভুল ভুলাইয়া' ছবির জন্য মঞ্জুলিকার চরিত্রে প্রথম চয়েস ছিলেন ঐশ্বর্য রাই। ঐশ্বর্যর থেকে এই রোল বিদ্যার কাছে আসে। যে রোল দিয়েই বিদ্যা বালান নিজের সিগনেচার তৈরি করেন।
আগামী মে মাসেই গানটির শ্যুটিং শুরু হবে। গানটিতে বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের সঙ্গে কার্তিক আরিয়ানকেও দেখা যাবে। মাধুরী ও বিদ্যার যুগলবন্দিতে দর্শকদের চমক দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা অনীশ বাজমি এবং প্রযোজক ভূষণ কুমার। আগামী দেওয়ালিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছে নির্মাতারা।