
ভাস্বর চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 15 April 2025 19:03
টলিউডের জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে এখন তিনি শুধু আর অভিনেতা নন, তাঁর লেখক সত্ত্বাও আমাদের কাছে পরিচিত। বইমেলা থেকে বইপাড়ার ভালবাসার নাম ভাস্বর চট্টোপাধ্যায়।
দ্য ওয়াল নববর্ষ আড্ডায় ভাস্বর জানালেন, আজ, নববর্ষ ১৪৩২ তিনি কী ভাবে কাটাচ্ছেন।
ভাস্বর চট্টোপাধ্যায় বললেন, 'আজ পয়লা বৈশাখে শ্যুটিং করছি। কারণ আমি সিডনি ঘুরতে গেছিলাম অনেক দিনের জন্য। তাই এখন আর ছুটি নেওয়া সম্ভব নয়। কাজের চাপও আছে। দুটো সিরিয়াল করছি এই মুহূর্তে, 'গীতা এল এল বি' আর 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'। তবে একটা ভাল জিনিস, বছরের প্রথম দিন শ্যুটিং দিয়ে শুরু হচ্ছে। কাজের মধ্যেই আছি। শ্যুটিংয়ে যাদের সঙ্গে বছরের সারাটা সময় কাটাই, তাঁদের সঙ্গেই নতুন বছর শুরু করছি, এটা খুব আনন্দের। আজকে ফ্লোরেই নববর্ষের ছোটখাটো উদযাপন হবে।'
ফেলে আসা দিনের পয়লা বৈশাখ কি মিস করেন ভাস্বর? অভিনেতার কথায়, 'পুরনো দিনের পয়লা বৈশাখকে খুব মিস করি। আগেকার দিনের মতো এখনকার পয়লা বৈশাখ আর ভাল লাগে না। তার কারণ আগে নববর্ষের দিন ইন্ডাস্ট্রি বন্ধ থাকত। তাই ছুটির দিনে বাবা-মায়ের সাথে থাকা আর অবশ্যই মাংস-ভাত খাওয়া হত। এখন সব জায়গাতেই শ্যুটিং হয়।'
ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে ২৭ বছর কাটিয়ে ফেলার পরে এখন নতুন এক সত্ত্বায় পরিচিত হয়েছেন ভাস্বর। লেখক ভাস্বর চট্টোপাধ্যায়। তিনি বললেন, 'আমি লেখক হয়ে ওঠার পর পয়লা বৈশাখের দিন বইপাড়ায় অনেকটা সময় কাটাই। গত বছর অবধিও কাটিয়েছি। বইপাড়ায় একটা অদ্ভুত আমেজ পাওয়া যায় এই দিনে। খুব মজা হয়, সব লেখকদের সঙ্গে দেখা হয়, পরবর্তী বই নিয়ে আলোচনা হয়। এ বছরও পত্রভারতী, দীপ প্রকাশন, বসাক বুক স্টোর আমাকে নিমন্ত্রণ করেছে। এ বছর শ্যুটিংয়ের চাপে যাওয়া হচ্ছে না আমার। আর একটা ব্যাপার, কলেজ স্ট্রিট গেলে উত্তর কলকাতার খুব ভাল ভাল মিষ্টি খাওয়া হয়। ওই ফেলে আসা বাঙালিয়ানা ফিরে পাই। এইটা খুব মিস করব এই বছরে।'