
কী বলছেন ভাস্কর?
শেষ আপডেট: 31 January 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: গত ১৯ জানুয়ারি বিয়ে করেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের তত্ত্বাবধানে বিয়ে করেছেন তাঁরা। বৈদিক মতে সংঘটিত সেই বিয়েতে হয়নি কন্যাদান। হয়নি আরও বেশ কিছু চিরাচরিত উপাচার। আর সে কারণেই এবারফ নাম না করে তাঁদের খোঁচা দিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়? তাঁর সাম্প্রতিক পোস্ট দেখে মনে করা হচ্ছে এমনটাই।
বিদেশী কায়দায় বিয়ের মণ্ডপে স্বামী-স্ত্রীর চুম্বন, অথবা বিবাহ বাসরে বরের নাচতে নাচতে আগমন--এ সবের কিছুই পছন্দ নয় ভাস্করের। তাঁর মতে যা হচ্ছে তা আদপে বেলেল্লাপনা।
তাঁর কথায়, "আমরা খুব দ্রুত এ কোথায় নামছি নাকি উঠছি! বিবাহ আমাদের একটা সনাতন প্রথা। একটা সংস্কার। ছোটবেলা থেকে দেখে আসছি। সেটা এখন একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে। এখন বিবাহ একটা মজা বা মস্তি! কী সব বৈদিক মত! তার থেকেও বড় হচ্ছে বিবাহ নিয়ে যে বেলেল্লাপনা। বর নাচতে নাচতে বিয়ে করতে আসছে...কনে বেহায়ার মতো অঙ্গভঙ্গি করছে।" এখানেই না থেমে ভাস্কর যোগ করেন, "আই লাভ ইউ বলে লাফালাফি করছে। একে অপরকে বিদেশী কায়দায় প্রকাশ্যেই চুম্বন করছে। বাবা-মা তাতে তাল দিচ্ছে ....কিছু করার নেই।"
মেহেন্দি হচ্ছে, সঙ্গীত হচ্ছে। তা নিয়েও আপত্তি তাঁর। ভাস্করের প্রশ্ন, "মেনে নিচ্ছি যুগ বদলেছে, সেটা সুস্থ না হলে পরিবর্তনের সুফল আছে কি?" তাঁর মতে, এই সব কারণেই বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। তিনি বলেন, "বিবাহ কোনও তাৎক্ষনিক মজা নয়। নিবিড় বন্ধন। সঙ্গে থাকার অঙ্গীকার। যা প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান বজায় রাখে।"
বিরক্ত ভাস্কর। তাঁর মনে হয়েছে এভাবেই যদি চলতে থাকে তবে আগামী দিনে ফুলশয্যার বিষয়টি তাঁরা প্রকাশ্যে আনবেন। তাঁর কথায়, "আমি হয়তো আপনাদের চোখে সেকেল। তাই কিছু ফালতু কথা বলে ফেললাম। নিজগুণে বিচার করবেন।"
না কারও নাম নেননি ভাস্কর। তবে নেটিজেনদের একটা বড় অংশ দুইয়ে দুইয়ে করেছেন চার। বিবাহবাসরে নাচতে নাচতে হাজির হন রুবেল, শ্বেতাও বৌভাতে জমিয়ে নাচ করে রুবেলকে উদ্দেশ্য করে। বৈদিক মতে বিয়েও তাঁরাই করেছেন, আর এর পরেই ভাস্করের এই বক্তব্য। সামাজিক মাধ্যমে যদিও মিশ্র প্রতিক্রিয়া। তবে আলোড়ন চলছে অভিনেতার বক্তব্যকে ঘিরে।