দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ ঝা-র পরিচালনায় 'জয় গঙ্গাজল'-ই ছিল প্রিয়াঙ্কা চোপড়ার শেষ হিন্দি ছবি। ২০১৬ সালের পর পিগি চপসকে আর বলিউডে দেখা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত শোনা গিয়েছিল বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। সৌজন্যে সলমন খানের ছবি 'ভারত'।
তবে আচমকাই এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। শুক্রবার টুইট করে আলি আব্বাস জাফর জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা আর ভারত ছবির অংশ নন। তবে যে কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তাতে ভীষণ খুশি টিম ভারত। প্রিয়াঙ্কাকে আগাম শুভেচ্ছাও জানায় তারা।
শোনা যাচ্ছে, জন্মদিনেই নাকি নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা। এ বার পালা বিয়ের। আর সেই জন্যেই নাকি 'ভারত' ছবি থেকে সরে গিয়েছেন নায়িকা। অনেকে আবার বলছেন, সম্প্রতি এই ছবিতে যুক্ত হয়েছে বলিউডের আরও অনেক অভিনেতা-অভিনেত্রী। সবার ভিড়ে তাঁর চরিত্র নাকি হারিয়ে যাবে। এমনটাই মনে করছেন পিগি চপস। আর সেই জন্যেই ভাইজানের এই ছবিতে আর অভিনয় করতে চাননি প্রিয়াঙ্কা।
তবে মিস চোপড়ার ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী অক্টোবরেই নিক জোনাসকে বিয়ে করতে চলেছেন তিনি। আর সেই কারণেই এখন আর তিনি 'ভারত' ছবির অংশ নন। তবে প্রিয়াঙ্কার এ হেন আচরণে বেজায় চটেছেন ছবির প্রযোজক। প্রিয়াঙ্কাকে 'আনপ্রফেশনাল' বলেও আখ্যা দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে সলমনও নাকি বেশ রেগেই গিয়েছেন প্রিয়াঙ্কার এই ব্যবহারে।
প্রিয়াঙ্কা অবশ্য এ বিষয়ে আপাতত কোনও মন্তব্য করেননি। তাঁর ফ্যানরা বলছেন, এখন নিজের বিয়ের ব্যাপারেই মন দিয়েছেন তিনি। অন্যদিকে তাকাবার বা ভাবার সময়ও নেই তাঁর।