.jpg)
সলমনের কোন ব্যবহার অস্বস্তিতে ফেলে ভাগ্যশ্রীকে?
শেষ আপডেট: 1 January 2025 20:58
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে অন্যতম 'ম্যায়নে প্যায়ার কিয়া'। ওই ছবির মধ্য দিয়েই বলিউডে ডেবিউ হয়েছিল সলমন খানের। ছবিতে সলমনের বিপরীতে জুটি বেঁধেছিলেন ভাগ্যশ্রী। জানেন কি শুটিং সেটে সলমনের বেশ কিছু ব্যবহারে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছিল ভাগ্যশ্রীকে।
এমনকি তাঁর প্রতি সলমনের ব্যবহারেও তাঁর প্রতি সন্দেহ জন্মাতে থাকে নায়িকার। তিনি ভাবতে থাকেন সলমন বুঝি তাঁর সঙ্গে ফ্লার্ট করছেন। ঠিক কী ঘটেছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথাই শেয়ার করেছেন তিনি।
ভাগ্যশ্রীর কথা, "দিল দিওয়ানা গানের শুটিং চলছিল সে সময়। আমি একা একা বসেছিলাম। আচমকাই সলমন কানের কাছে এসে ওই গানটা গাইতে শুরু করে। একবার নয়, বেশ কয়েক বার। আমি অবাক হয়ে যাই। ভাবতে থাকি, ওর হলটা কী? সেটে বেশ ভদ্রই মনে হয়েছে ওকে। কোনওদিন এমন কিছু কাজ করেনি। তাহলে এমন কেন করছে?" যেখানেই ভাগ্যশ্রী যাচ্ছিলেন সেখানেই ওই গান গাইতে শুরু করছিলেন সলমন।
একসময় ভাগ্যশ্রী যখন কার্যত বিরক্ত ঠিক তখনই হাটে হাঁড়ি ভাঙেন সলমন। ভাগ্যশ্রীকে ডেকে বলেন, "আমি কিন্তু জানি। আমি জানি তুমি কাকে ভালবাস। তুমি ভালবাস হিমালয়কে। একদিন সেটে ওকে ডেকে নিলে তো পারো।"
সে সময় হিমালয় দাসানিকে ডেট করছিলেন ভাগ্যশ্রী। কেউ কিচ্ছু জানতেন না। অথচ সলমনের কাছে সেই খবর আছে দেখে হতবাক হয়ে যান ভাগ্যশ্রী। এও ভেবে আশ্বস্ত হন যে, তাঁর কানের কাছে সলমনের ওই গান আদপে কোনও ইঙ্গিত নয়। পরবর্তীতে হিমালয়কেই বিয়ে করেন ভাগ্যশ্রী। সলমন ও তিনি আজও ভাল বন্ধু।