দ্য ওয়াল ব্যুরো: অয়ন মুখার্জীর ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ইতিমধ্যেই উন্মাদন তুঙ্গে। বলিউড থেকে আম জনতা সবাই অপেক্ষায় রয়েছেন ছবি রিলিজের। আর হবে নাই বা কেন। এই ছবিতে একই সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট।
অনুরাগ বসু'র 'বরফি' আর রাজকুমার হিরানির ছবি 'সঞ্জু'-তে অভিনয় দেখিয়ে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন রণবীর কাপুর। পাল্লা দিয়েছেন আলিয়াও। তাঁর ঝুলিতেও রয়েছে 'হাইওয়ে' এবং 'উড়তা পাঞ্জাব'-এর মতো ছবি। আর বলিউডের হট কাপল রণবীর-আলিয়া এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তাই দর্শকরাও উৎসাহী এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে। সঙ্গে আবার রয়েছেন বিগ বি। আর এর মধ্যেই এল এক নতুন খবর। হেভিওয়ট দক্ষিণী অভিনেতা নাগার্জুনও নাকি অভিনয় করতে চলেছেন 'ব্রহ্মাস্ত্র'-তে।
সূত্রের খবর, বহুদিন আগেই নাকি 'ব্রহ্মাস্ত্র'-তে অভিনয় করার জন্য নাগার্জুনকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক অয়ন মুখার্জী। আর সেই প্রস্তাবে রাজীও হয়েছেন তিনি। মঙ্গলবারই নাকি শ্যুটিং শুরু করার কথা রয়েছে নাগার্জুনের। ৮ থেকে ১০ দিন ধরে শ্যুটিং করবেন তিনি। ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে এই ছবি।