
সোনু নিগম (ছবি-গুগল)
শেষ আপডেট: 3 May 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বেঙ্গালুরুর অনুষ্ঠানে সোনু নিগমকে কন্নড় ভাষার গান শোনানোর অনুরোধ করেন শ্রোতারা। মেজাজ হারিয়ে তার উত্তরে পহেলগাম প্রসঙ্গ টেনে একটি মন্তব্য করে বসেন গায়ক। এরপরই শুরু হয় বিতর্ক। সোনু নিগমের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ (Complaint against Sonu Nigam)। কী এমন বলেছিলেন গায়ক।
গত সপ্তাহেই বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজের অনুষ্ঠানে (Bengaluru Concert) পারফর্ম করেন সোনু নিগম। বেশ কয়েকটা গান গাওয়ার পরই দর্শকদের মধ্যে থেকেই কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ আসে। তাঁরা 'কন্নড়' 'কন্নড়' বলে চিৎকার শুরু করেন। এতেই মেজাজ হারিয়ে ফেলেন সোনু নিগম।
গায়ক বলে ওঠেন, "পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) অন্যতম কারণ এটি। কথা বলার আগে দেখুন আপনার সামনে কে দাঁড়িয়ে। আমি আপনাদের ভালবাসি।" সোনুর এই মন্তব্যই বিতর্কের সৃষ্টি করে। নেটিজেনদের তরফে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ গায়ককে সমর্থন করছেন। তাঁদেরই একাংশ আবার সোনু নিগমের এই ব্যবহারে ক্ষোভ উগরে দিয়েছেন।
কেউ কেউ আবার দাবি করেছেন, অনুষ্ঠানের সময় হয়তো তিনি (সোনু নিগম) মদ্যপ অবস্থায় ছিলেন। কারণ তাঁর পুরনো সাক্ষাৎকার দেখুন, সেখানে উনি নিজেই বলেছেন একজন শ্রোতাও যদি কন্নড় ভাষায় গান শুনতে চায় তিনি শোনাবেন। এছাড়া, সোনু নিগমকে কন্নড় ইন্ডাস্ট্রিতে বয়কট করার দাবিও উঠছে নেটপাড়ায়।
এই ঘটনার পরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজের 'পহেলগাম' মন্তব্যের প্রেক্ষিতে সোনু নিগমকে (Sonu Nigam) বলতে শোনা যায়, 'আমার কেরিয়ারে একাধিক ভাষায় গান গেয়েছি। তাঁর মধ্যে কন্নড় ভাষায় আমার কিছু সেরা গান রয়েছে। আমি অনেক ভালবাসা নিয়ে আপনাদের শহরে (বেঙ্গালুরু) আসি। আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি। আপনারা আমাদের পরিবারের মতো সম্মান দেন। কিন্তু কয়েকজন ছেলে, যাঁদের বয়স হয়তো আমার গোটা কেরিয়ারের সমান, তাঁরা আমাকে কার্যত হুমকি দিয়ে গান গাইতে বলছে আমার সেই আচরণ পছন্দ হয়নি। '
পহেলগাম ঘটনার প্রসঙ্গ টেনে কন্নড় সম্প্রদায়কে অপমান! সোনু নিগমের (Sonu Nigam) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কন্নড়পন্থী সংগঠন 'কর্নাটক রক্ষা বেদিক'। তাঁদের অভিযোগ, কন্নড় ভাষায় কথা বলা মানুষের প্রতি গায়কের মন্তব্য উস্কানিমূলক। তাঁর বক্তব্য একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর বিরাট আঘাত এনেছে। সোনু নিগম কন্নড়দের অসহিষ্ণু বলে দাগিয়েছেন, যা তাঁদের আচরণের একেবারেই বিপরীত।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় পাক জঙ্গি সংগঠন। মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে।