
অনুপম রায়
শেষ আপডেট: 24 March 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: ২৯ মার্চ গায়কের জন্মদিন। চেনাপরিচিতদের কাছ থেকে শুভেচ্ছা কিংবা উপহার উপচে পড়বেই। তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু গিফ্ট পেলে তো, তার একটা রিটার্ন গিফ্টও থাকে। গায়ক অনুপমের কাছে সেই রিটার্ন গিফ্ট গান ছাড়া আর কীই বা হতে পারে?
তাই এবারের জন্মদিনে অনুরাগীদের জন্য আসছে অনুপম রায়ের (anupam roy) নতুন গান। ২৯ শে মার্চ বাংলা সঙ্গীত জগতের অন্যতম গায়ক, সুরকার এবং লেখকের বিশেষ জন্মদিনের ঠিক আগের দিনই শ্রোতাদের কাছে পৌঁছে যাবে ‘মিথ্যে স্বপ্ন’। না না ‘মিথ্যে’ নয়, অনুপমের নতুন সত্যিকারের গানের নাম ‘মিথ্যে স্বপ্ন’। একাধারে অনুপম রায় সঙ্গীত শিল্পী, সুরকার, এবং গীতিকার, সঙ্গীতক্ষেত্রে তাঁর এই ব্যাপ্তিতেই লক্ষ লক্ষ মানুষের মনে তিনি উজ্জ্বল। তাই তার নতুন গান যে আরও একবার শ্রোতাদের মনে জায়গা করে নেবে, তা বলা যেতেই পারে।
‘মিথ্যে স্বপ্ন’-র মিউজিক ভিডিওতে রয়েছেন অভিনেত্রী অঙ্গনা রায় (Anupam Roy)। অঙ্গনার জন্মদিনও পরের মাসে। জন্মদিনের আগেই নতুন কাজ নিয়ে বেশ আনন্দে অভিনেত্রী। বললেন, ‘অনুপম রায়ের গান, নতুন মিউজিক ভিডিও, সব মিলিয়ে আমি এক্সাইটেড! দ্বিতীয়বার অনুপমদার সঙ্গে কাজ। একজন পুরুষের কণ্ঠে গান। এমন মিউজিক ভিডিওতে অভিনেত্রীদের পারফর্ম করার সুযোগ কম থাকে। এই গানের ক্ষেত্রে এটা বেশ ইউনিক। আমরা খুব যত্ন করে, অনুভূতিটা ধরার চেষ্টা করেছি। দর্শক সব সময়ই অভিনেত্রী হিসেবে আমায় অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করি এবারেও ব্যতিক্রম হবে না।’
‘মিথ্যে স্বপ্ন’ মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন রোহন কুমার পাল, ভিডিওর সৃজন পরিচালনা করেছেন আরও এক অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ‘মিথ্যে স্বপ্ন’ নিয়ে কী বলছেন ‘বার্থ ডে বয়’ অনুপম রায়? ‘এই গানের সুর করেছেন রাজীব-মনা ও বুদ্ধ এম। লিখেছেন অসীমা দত্ত । গানের সুর ও কথায় এক নতুনত্ব রয়েছে, সে কারণে গাইতে রাজি হই। একটা ফ্রেশনেস রয়েছে। নতুন সুরকারদের সঙ্গে কাজ করতে ভালও লাগে। বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রে নতুন ভাবনা সব সময় প্রসংশনীয়। সেই জায়গা থেকেই এই গান। আশা করি ভালো লাগবে।’
মিউজিক ভিডিওর সৃজনশীলতার দায়িত্বে রয়েছেন প্রিয়াঙ্কা। বললেন, ‘স্বপ্ন কি সত্যিই মিথ্যে? আর সেই স্বপ্ন যদি হয় ভালোবাসার মানুষকে ঘিরে যদি হয়? হাজার মানুষের ভিড়েও তার উপস্থিতি যেন মনে এক আলাদা আনন্দ দেয়। এটাই ভালোবাসা। একাকীত্বের মধ্যেও তার উপস্থিতি যেন মন ভালো করে। স্বপ্ন মিথ্যে হলেও কি ভালোবাসা কখনও মিথ্যে হতে পারে? ভালোবাসার, অনুভূতির এই আঙ্গিকই মিউজিক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি।’
আগামী ২৮ শে মার্চ তাদের সমাজমাধ্যমে আসতে চলেছে অনুপম রায়ের নতুন গানের মিউজিক ভিডিও ‘মিথ্যে স্বপ্ন’।