
রিয়্যালিটি শো।
শেষ আপডেট: 21 December 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: বাংলা বিনোদনের জগতে ধারাবাহিকের ভূমিকা বরাবরই উজ্জ্বল ছিল। সন্ধে হলেই প্রাইমটাইমে টিভির রিমোট চলে যেত মা-কাকিমাদের দখলে। বাবা-কাকুদের খেলার চ্যানেল বা খবরের চ্যানেল চালানোর দাবি শোনা যেত বটে, কিন্তু তারাও যে সিরিয়ালের পর্দায় চোখ রাখতেন না, তা নয়।
সময় যত এগিয়েছে, ধারাবাহিকের সঙ্গে সঙ্গেই প্রাইমটাইম দখল করেছে আর এক ধরনের শো। রিয়্যালিটি শো (Bengali Reality Show)। রিয়্যালিটি শোয়ের কতটা রিয়্যাল আর কতটা একেবারেই আনরিয়্যাল তা নিয়ে তর্ক চিরন্তন। তবে এর আকর্ষণ যে এখনও বাঙালির ঘরে ঘরে তুঙ্গে, তা প্রমাণ করে এগুলির টিআরপি-ই।
২০২৪ সালে কোন কোন বাংলা রিয়্যালিটি শো (Bengali Serial) সঙ্গী হল বাঙালি দর্শকদের, কোন কোন চরিত্র ড্রয়িংরুম মাতিয়ে রাখল ঘরে ঘরে, ট্রেন্ডের হিসেবে কে কোথায় দাঁড়িয়ে, তা একবার দেখে নেওয়া যাক।
এই মুহূর্তে টিভিতে নম্বর ওয়ান গেম শো আর কিছু নয়, বাঙালির অতিপ্রিয় দিদির অতিপ্রিয় শো, ‘দিদি নম্বর ওয়ান’। নানারকম মজার খেলা এবং তার সঙ্গে অনুপ্রেরণার গল্প-- এই মিলিয়ে দর্শকদের নজর প্রথম থেকেই কেড়ে নিয়েছে এই শো। একের পর এক সিজন হিট করেছে নিজস্বতার জোরে। সঙ্গে উপরি পাওনা, হোস্ট হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের সরল অথচ সাবলীল ভূমিকা। তাঁকে দেখার জন্যই যেন বহু লোক দিদি নম্বর ওয়ান মিস করেন না একটা দিনও। আর সে জন্যই রচনা দিদিই রিয়্যালিটি শোয়ের দিদি নম্বর ওয়ান।
জি বাংলায় বাংলা গানের জনপ্রিয় রিয়্যালিটি শো 'সা রে গা মা পা' রয়েছে দু'নম্বরে। এই শো তার একঝাঁক প্রতিভাবান প্রতিযোগী ও তাঁদের অসাধারণ কণ্ঠের জন্য দর্শকদের ভালবাসা অর্জন করেছে। এর সূচনা থেকে ২০১৯ সাল পর্যন্ত এই শোটি সঞ্চালনা করতেন অভিনেতা যীশু সেনগুপ্ত, যাঁর প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিল। এরপর ২০২০ সাল থেকে শোয়ের হোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিনেতা আবির চ্যাটার্জি, যিনি নিজের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে শোয়ের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছেন। এই রিয়েলিটি শোয়ের মূল আকর্ষণ হল নতুন প্রজন্মের প্রতিভাদের গলা থেকে উঠে আসা অনন্য সুরেলা গান, যা বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
জি বাংলার জনপ্রিয় রান্নার শো 'রান্নাঘর' বহু বছর ধরেই দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান ধরে রেখেছে। যাঁরা রান্না ভালবাসেন, তাঁদের কাছে এই শো এক আবেগের নাম। একসময় এই শোয়ের উপস্থাপিকা ছিলেন সুদীপা চ্যাটার্জি, যাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও রান্নার টিপস শোয়ের অন্যতম আকর্ষণ ছিল। তবে শোটি এখন নতুন মোড়কে ফিরে এসেছে, যেখানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন উপস্থাপনার ধাঁচে শোটি আবারও দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন নতুন নতুন রেসিপি ও রান্নার প্রতি ভালবাসা এই শো-কে রান্নাপ্রেমীদের কাছে অনন্য করে তুলেছে।
সান বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ' দর্শকদের কাছে এক অনন্য বিনোদনের ঠিকানা। এই শো শুধুমাত্র সাধারণ কুইজ শো নয়, বরং প্রতিযোগীদের উপস্থিত বুদ্ধি, রসবোধ এবং নিজেকে প্রমাণ করার মঞ্চ। সুদীপ্তা চক্রবর্তীর আকর্ষণীয় সঞ্চালনা, মজাদার প্রশ্নোত্তর পর্ব এবং উত্তেজনায় ভরা প্রতিটি মুহূর্ত দর্শকদের বিনোদনকে পরিপূর্ণ করে তোলে। এখানে প্রতিযোগীরা নিজেদের জ্ঞান ও কৌশল প্রয়োগ করে জিতে নিতে পারেন লক্ষ টাকার পুরস্কার। একদিকে যেমন প্রতিযোগিতার উত্তেজনা, তেমনই পরিবার-পরিজনের সঙ্গে উপভোগ করার মতো আনন্দেও মুখর এই শো।