
শেষ আপডেট: 12 July 2023 08:35
দ্য ওয়াল ব্যুরো: সেলুলয়েডে ফিরছে অপরাজিতা (Aparajita Auddy)-মধুমিতা (Madhumita Sarcar) জুটি। ‘চিনি’র পর এবার ‘চিনি ২’ (Cheeni 2) নিয়ে বড়পর্দায় ফিরছেন দুই অভিনেত্রী। মৈনাক ভৌমিক পরিচালিত সেই ছবির ট্রেলার বুধবার মুক্তি পেল। আগামী ১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি। ‘চিনি’র গল্পের সঙ্গে কোনও মিল না থাকলেও এখানেও দুই নারীর সম্পর্কের গল্প বলেছেন পরিচালক।
‘চিনি’তে দুই অভিনেত্রী ছিলেন মা-মেয়ের চরিত্রে। এবার আর তা নয়। বরং দেখা যাবে, অপরাজিতার বাড়িতে ভাড়াটে হয়ে আসছেন মধুমিতা। একজন দাপুটে বাড়িওয়ালি, অপরজন ছটফটে ভাড়াটে। প্রথমে দু’জনের মধ্যে তেমন ভাব না থাকলেও ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর একে অপরকে সম্পর্ক নিয়েও পরামর্শ দেয়। একজন শেখান বরের সঙ্গে সংসার করার খুঁটিনাটি, আর একজন বলেন প্রেমিককে বাগে আনার কৌশল।
গোটা ট্রেলার জুড়েই অপরাজিতা ও মধুমিতার দুষ্টু-মিষ্টি কাণ্ড-কারখানা দেখা গেল। কিন্তু যখন দু’জনের মধ্যে সম্পর্ক গভীর হয়, তখন তাঁরা বুঝতে পারেন যে, তাঁদের ক্রাইসিসটা আসলে একই। আসলে তাঁরা কেউই তাঁদের মনের মানুষের কাছে প্রাধান্য পান না। কিন্তু কীভাবে বাঁচাবেন নিজেদের সম্পর্ক? ছবিতে সেই গল্পই বলেছেন পরিচালক মৈনাক।

সিনেমায় এই দুই অভিনেত্রী ছাড়াও আরও দু’টো মুখ্য নারী চরিত্রে রয়েছেন লিলি চক্রবর্তী ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অপরাজিতার স্বামীর ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী এবং মধুমিতার প্রেমিকের চরিত্রে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন মৈনাক মজুমদার। যিনি এর আগে মৈনাকেরই ছবি ‘একান্নবর্তী’র ‘বেহায়া’ গানটি বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এখন দেখার, নতুন ছবিতে তাঁর গানগুলি কতটা জনপ্রিয় হয়।
রণজয়ের সুরে, বারিষের কথায় অরিজিতের নতুন গান ‘জিয়া তুই ছাড়া’, টলিপাড়া পেল নতুন ত্রয়ী