
শেষ আপডেট: 7 February 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি গ্র্যামি অনুষ্ঠিত হল । যেখানে সম্মানিত করা হল দেশ বিদেশের নানান গুণী শিল্পীদের। সেই তালিকায় ছিল ভারতের সঙ্গীতের কয়েকজন মহারথীদের নামও।
এই বছর গ্র্যামির মঞ্চে 'বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম' হিসাবে পুরস্কার পেল শঙ্কর মহাদেবন-জাকির হোসেনদের ব্যান্ড ‘শক্তি’। ওঁদের অ্যালবাম 'দিস মোমেন্ট'-কে দেওয়া হয় পুরস্কারটি। জানেন কী, এই অ্যালবামের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাও।
১৯৭৭ সালে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়ে যাত্রা শুরু করেছিল ফিউশন ব্যান্ড 'শক্তি'। তারপর ৫০ বছর কেটে গেছে। এত বছর পর গ্র্যামির মঞ্চে সম্মানিত হলেন তাঁরা। এই অ্যালবামের সঙ্গে যারা আছেন, তাঁরা হলেন, শঙ্কর মহাদেবন, উস্তাদ জাকির হোসেন, গণেশ রাজাগোপালন, জন ম্যাকলাফলিন, ভি সেলভাগণেশ প্রমুখ। তবে এই অ্যালবামের সাফল্যের পেছনে রয়েছে তিনজন বাঙালি।

বেঙ্গালুরুর বাসিন্দা অর্ক বসু, কলকাতার উর্মি ভঞ্জ, গোয়ার মৃণালিনী। এই তিনজনে ‘দিস মোমেন্ট' অ্যালবামের ডিজাইনটি করেন।
ছোটবেলা থেকেই গানের ঝোঁক ছিল অর্কর। বর্তমানে একটা বিজ্ঞাপন সংস্থার কর্ণধার তিনি। এই অ্যালবামের ডিজাইনের সুযোগ আসে ২০২২ সালে।
ওঁরা ছাড়াও আরও একজন বাঙালি এই 'দিস মোমেন্ট' অ্যালবামের সঙ্গে জড়িত রয়েছে। তিনি হলে অ্যাবস্ট্রাক্ট লজিক্স কোম্পানির মালিক। ওঁর কোম্পানি থেকেই লঞ্চ করা হয়েছিল শঙ্কর মহাদেবনদের অ্যালবামটি। কোম্পানির মালিক সৌভিক দত্ত।

জাকির হোসেন এবার একটি নয় দুটি গ্র্যামি পেয়েছেন। তাঁর ‘পাশতো’ অ্যালবামটি‘বেস্ট গ্লোবাল মিউজ়িক পারফরম্যান্স’ বিভাগে গ্র্যামি পুরস্কার পায়। জাকিরের সঙ্গে এই অ্যালবামের জন্য বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। এখনও পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জাকির। ১৯৯২ সালে 'প্ল্যানেট ড্রাম' অ্যালবামের জন্যও গ্র্যামি পেয়েছিলেন তিনি।