
শেষ আপডেট: 16 September 2022 08:32
দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহ ধরে সিনেমাহলে রমরমিয়ে চলছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ (Brahmastra)। আজ, শুক্রবার ছবির নির্মাতাদের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে, বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সিনেমার মূল বাজেটও তুলে ফেলবে ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে সর্বত্রই ইতিবাচক সাড়া মিলেছে। সিনেমার প্রধান আকর্ষণ যদি হয় ভিএফএক্স, তবে দ্বিতীয় আকর্ষণ অবশ্যই একই ছবিতে রণবীর, অমিতাভ এবং শাহরুখ খানের অভিনয়। যদিও এই তিনজনকে ছবিতে একসঙ্গে একবারও দেখা যায়নি, তবে তিনজনের অভিনয়ই দর্শকদের মন জয় করে নিয়েছে।
কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’র যে বিষয়টি নিয়ে দর্শকরা সবথেকে বেশি অখুশি, তা হল এই ছবির সংলাপ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রীতিমতো হুসেন দালালের (Hussain Dalal) লেখার সমালোচনা করে সংলাপগুলিকে ‘ক্রিঞ্জ’ বলে অভিহিত করছে। কিন্তু জানলে অবাক হতে হয়, এই হুসেন দালালই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সংলাপ লিখে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির মাধ্যমেই তিনি সংলাপ লেখক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। রণবীর-দীপিকার এই ছবিটি ছিল ২০১৩ সালে সবচেয়ে বড় হিটগুলির মধ্যে অন্যতম।
এই ছবির সাফল্যের পরই হুসেন বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য সংলাপ লিখে প্রশংসা কুড়িয়ে নেন। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘কলঙ্ক’, দেখে নেওয়া যাক সেই কয়েকটি বড় ছবির তালিকা যার সংলাপ লিখেছেন হুসেন দালাল।
“ম্যায় উড়না চাহতা হুঁ, দৌড়না চাহতা হুঁ, গিরনা ভি চাহতা হুঁ! বাস রুকনা নাহি চাহতা”— ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে রণবীর কাপুর অভিনীত বানি চরিত্রটির বলা এই সংলাপ আজও দর্শকদের মুখে মুখে ঘোরে। এই সিনেমার প্রত্যেকটি বিষয় দর্শকরা পছন্দ করেছিলেন, যার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছিল এর সংলাপগুলি।
হুসেন দালালের লেখা অন্যতম সেরা 'কারওয়াঁ' ছবির সংলাপগুলি। ইরফান খান, দুলকার সালমান এবং মিথিলা পালকার অভিনীত এই ছবিটি আসলে একটি রোড ট্রিপের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা জীবনের বিভিন্ন পথে হাঁটতে থাকা তিনজন ভিন্ন মানুষকে একত্রিত করে। ছবিটির প্রতিটি সংলাপ মনে রাখার মতো। তার মধ্যে একটি হল- “উনহোনে হামে জিন্দা দফন কার দিয়া ইয়ে সোচকে হাম মার জায়েঙ্গে, লেকিন উনহে পাতা নাহি থা হাম তো বেজ হ্যায়। হামারা দফন হোনা হামারি বিলাদত হ্যায়।”
২০১৯ সালের অন্যতম বিগ বাজেট ছবি ছিল অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’। ছবিটিতে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহা। যদিও ছবিটি বক্স অফিসে চরম ব্যর্থ হয় এবং ডিজাস্টার তকমা জোটে। তবে সেই ছবিতে হুসেন দালালের লেখা সংলাপগুলি তুমুল প্রশংসিত হয়েছিল এবং তাঁর কাব্যিক শৈলী ছিল আলোচনার অন্যতম বিষয়বস্তু। এই ছবিতে অনেক প্রশংসনীয় সংলাপ রয়েছে, তার মধ্যে অন্যতম- “যব কিসি অউর কি বরবাদি আপনি জিত জ্যায়সি লাগে, তো হামসে জ্যাদা বরবাদ অউর কোই নাহি ইস দুনিয়া মে।”
অভিষেক বর্মণ পরিচালিত আরও একটি ছবি, যার সংলাপ লিখেছিলেন হুসেন। আলিয়া ভাট এবং অর্জুন কাপুর অভিনীত ‘টু স্টেটস’ তৈরি হয়েছিল চেতন ভগতের লেখা উপন্যাস ‘টু স্টেটস: দ্য স্টোরি অফ মাই ম্যারেজ’ অবলম্বনে। সেই চলচ্চিত্রের থিমকে মাথায় রেখেই কলেজ পড়ুয়া আলিয়া-অর্জুনের কথাবার্তা এবং পরে নিজেদের বাবা-মা’দের সঙ্গে তাঁদের কথোপকথন- প্রতিটি জায়গাতেই হুসেন দালালের লেখা সংলাপগুলি খাপে খাপ বসে গিয়েছিল। সেই হুসেনেরই হঠাৎ করে কী এমন হল যে, ‘ব্রহ্মাস্ত্র’-তে এমন নিম্নমানের সংলাপ লিখলেন, তা অনেকেই ঠাওর করে উঠতে পারছেন না।
কবে আসবে ‘ব্রহ্মাস্ত্র’-র সিক্যুয়েল! জানিয়ে দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়